Aaj India Desk, কলকাতা : বামপন্থী রাজনীতির ঘরানায় বড় হওয়া, ছাত্রজীবনে এসএফআইয়ের সঙ্গে পথচলা, এখনও ভোট দেন সিপিএমকেই। তা সত্ত্বেও বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ! যে সিঙ্গুর একদিন বাম সরকারের শিল্পায়নের স্বপ্নকে থামিয়ে দিয়েছিল, সেই শিল্পায়নের স্বপ্ন পূরণে এবার বাম সরকারেরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সুচেতনের (Suchetan Bhattacharya) ভরসা বর্তমান বিজেপি সরকার! শুধু তাই নয়, সিপিএমের একাংশের দ্বিচারিতা নিয়েও সরব তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে সুচেতন ভট্টাচার্যের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বাবার স্বপ্ন পূরণে কেনো বামপন্থার বাইরে গিয়ে আশার আলো দেখছেন তিনি?
কী বললেন সুচেতন?
বাবার শিল্পায়নের স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বুদ্ধদেব পুত্র সুচেতন (Suchetan Bhattacharya)। তাঁর কথায়, সিঙ্গুরে শিল্প না হওয়ার আক্ষেপ আমৃত্যু বয়ে বেড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জীবনের শেষদিকে এই অপূর্ণতা তাঁকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। তবে বর্তমান বিজেপি সরকার শিল্পস্থাপনের জন্য যে পদক্ষেপ করছে, তা বাস্তবায়িত হলে তাঁর বাবা খুশি হতেন। নিজেও সেই উদ্যোগ সফল দেখতে চান বলে জানিয়েছেন বুদ্ধদেব-পুত্র।
SFI নিয়েও ক্ষোভপ্রকাশ
পাশাপাশি, SFI ও সিপিএম নিয়েও অভিযোগ করেন সুচেতন (Suchetan Bhattacharya)। তাঁর বক্তব্য, একসময় এসএফআই সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করত। কে কোন বই পড়বেন, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে কথা বলবেন—এসব বিষয়েও সংগঠনের তরফে নির্দেশ দেওয়া হত। দল বেঁধে একই কথা বলা কিংবা ব্যক্তিস্বাধীনতার উপর নিয়ন্ত্রণ তিনি মেনে নিতে পারেননি। সেই কারণেই এসএফআই ছাড়েন। সিপিএমের একাংশের নেতাদের দ্বিচারিতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর কথায়, প্রকাশ্যে নিজেদের সর্বহারা বলে তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে অনেকের আচরণের সঙ্গে সেই আদর্শের মিল নেই। যদিও দলের সঙ্গে বিশেষ সম্পর্ক না থাকলেও এখনও সিপিএমকেই ভোট দেন বলে জানিয়েছেন সুচেতন।
উল্লেখ্য, এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও রাজ্যে শিল্পায়নের প্রশ্নে বর্তমান সরকারের প্রতি আশা প্রকাশ করেছিলেন। এবার প্রায় একই প্রত্যাশার কথা শোনা গেল বুদ্ধদেব-পুত্র সুচেতনের মুখেও। ফলে শিল্পায়ন নিয়ে বুদ্ধদেব পরিবারের এই অবস্থান নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।


