মুম্বই: মন্নতের চেনা ছাদে এবার দেখা মেলেনি, তাতে কী! ভক্তদের মন জিততে বাদশাহের (Shah Rukh Khan) জুড়ি মেলা ভার। জন্মদিনের মধ্যরাতে পার্টি সেরে রেস্তরাঁর বাইরে অনুরাগীদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শাহরুখ খান। আর ওদিকে দুবাইয়ের বুর্জ খলিফায় তখন শুধুই কিং খানের জয়জয়কার!
২ নভেম্বর মানেই শাহরুখ (Shah Rukh Khan)-ভক্তদের কাছে কার্যত কোনও সাধারণ দিন নয়, একেবারে ‘এসআরকে ডে’! প্রতি বছর জন্মদিনে মন্নতের সামনে ভক্তদের ঢল নামে। তবে এবার বাড়ির সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্সেই আপাতত খান পরিবারের ডেরা। ফলে মন্নতের বারান্দায় বাদশাহি দর্শন নিয়ে ছিল ধোঁয়াশা।
কিন্তু ভক্তদের মন ভাঙতে দেননি কিং খান (Shah Rukh Khan)! পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন এবং তাজ হোটেলে মধ্যরাতের পার্টি সেরে ভোররাতে রেস্তরাঁর বাইরে হাজির অনুরাগীদের দিকে হাত নাড়লেন তিনি। তারপর করজোড়ে অভিবাদন, সঙ্গে একখানা উড়ন্ত চুমু! ব্যস, এতেই কেল্লাফতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। ক্যাজুয়াল লুকে জন্মদিনের পার্টিতে হাজির বাদশাহকে শুভেচ্ছা জানাতে সলমন খানও এসেছিলেন বলে খবর।
এদিকে মন্নতের বাইরে ঝুলছে শাহরুখের (Shah Rukh Khan) স্বাক্ষর করা বিশেষ বার্তা। অনুরাগীদের অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে বাদশাহ লিখেছেন, তাঁদের প্রত্যেকের জন্যও রইল অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন। অর্থাৎ দূরত্ব থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগে কোনও খামতি নেই!
তবে জন্মদিনের আসল ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ যেন দুবাইয়ে! বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা সেজে উঠল শাহরুখের (Shah Rukh Khan) বিশাল ছবি ও ‘উই লাভ ইউ এসআরকে’ বার্তায়। দুবাই ফাউন্টেনেও ‘ওম শান্তি ওম’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র গানে বিশেষ প্রদর্শনী। বাদ পড়েনি মুম্বইও, আলোয় ঝলমল বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। মন্নতের ছাদ হোক বা বুর্জ খলিফার আকাশছোঁয়া উচ্চতা, জন্মদিনে একটাই প্রমাণ, বাদশাহর রাজত্বের ঠিকানা আসলে তাঁর ভক্তদের হৃদয়!


