Aaj India Desk, কলকাতা : রাজধানী দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং SIR বাতিলের দাবিতে তুমুল বিক্ষোভ এবং সিজেপির প্রতিবাদ মিছিলের মধ্যে পুলিশি ধরপাকড়কে ঘিরে উত্তেজনা ছড়িয়ে গোটা দেশে। এবার দিল্লির সেই ঘটনাকে কেন্দ্র করেই গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিল মমতা তৃণমূল। দেবীপক্ষের তৃতীয়ায়, মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল করার প্রস্তুতি (Kolkata Protest March) নেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবির পাশাপাশি এই মিছিলের মাধ্যমে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার ঘটনারও প্রতিবাদ জানানো হবে।
জ্ঞানেশ কুমারকে নিশানা
মমতা তৃণমূলের এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ও বাক্স্বাধীনতা খর্ব করার অভিযোগ তোলা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ ও গ্রেফতারের দাবিও তুলতে চলেছে দলটি। পাশাপাশি, বিরোধী রাজনৈতিক দল, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মের উপর পুলিশি দমনপীড়ন চলছে বলেও অভিযোগ তাদের।(Kolkata Protest March)
দিল্লির ঘটনার প্রতিবাদ
সম্প্রতি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মমতা তৃণমূল। রাজধানীতে ধরপাকড়ের প্রতিবাদে রবিবার বামপন্থী ছাত্র সংগঠনগুলিও মিছিল করেছিল। সেই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। (Kolkata Protest March)
তবে রাজাবাজার থেকে সিআইটি রোড হয়ে পার্ক সার্কাস পর্যন্ত এই রুট কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তার মধ্যে দুপুরে রাজনৈতিক মিছিল হলে যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মিছিলের প্রস্তুতি চললেও কলকাতা পুলিশ শেষ পর্যন্ত অনুমতি দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুজোর মুখে ব্যস্ত রাস্তায় রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রশাসনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একই সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক দুর্গাপুজোর উদ্বোধনী কর্মসূচিও রয়েছে। ফলে মমতা তৃণমূলের এই মিছিল শেষ পর্যন্ত সংগঠিত হতে পারে কিনা এবং পুলিশের অনুমতি ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


