Aaj India Desk, কলকাতা : লাক্সারি টাস্কে খাবার-জল ফিরে পেতে লড়াই, সবচেয়ে বেশি কয়েন জিতে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রাজবীর। এর মধ্যেই মাঝসপ্তাহে এভিকশনের ঘোষণা ঘিরে বাড়ল উত্তেজনা। খাবার ও জল অপচয় নিয়ে প্রতিযোগীদের একাধিকবার সতর্ক করার পর এবার শাস্তিমূলক সিদ্ধান্ত নিলেন বিগ বস (Bigg Boss Bangla)। লাক্সারি টাস্কের আগে প্রতিযোগীদের কাছ থেকে কেড়ে নেওয়া হল বাড়ির সমস্ত খাবার ও জল। টাস্ক সফলভাবে সম্পন্ন করতে পারলেই সেগুলি ফেরত পাওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যেই সবচেয়ে বড় চমক। মাঝসপ্তাহে এভিকশন হবে বলে ঘোষণা করলেন বিগ বস।
লাক্সারি টাস্কে খাবার এবং পানীয় জল ফিরে পাওয়ার জন্য একাধিক চ্যালেঞ্জে অংশ নিতে হয় প্রতিযোগীদের। কখনও জল ভরতে হয়েছে, কখনও গম পেষাই করতে হয়েছে। আবার কোথাও বরফ ঘষা, কোথাও সাইকেল চালানোর মতো কাজও ছিল। ব্যক্তিগত ও দলগত দুইভাবেই নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পান তাঁরা। টাস্ক চলাকালীন ঝিলমকে নিয়ে বাড়ির কয়েকজন সদস্য অভিযোগ তোলেন। তাঁদের দাবি, কাজের ক্ষেত্রে ঝিলমকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না। এরপর গম পেষাইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। অন্য প্রতিযোগীরাও নিজেদের দায়িত্ব অনুযায়ী টাস্কে অংশ নেন। টাস্কে শুধু খাবার ও জল ফিরে পাওয়াই নয়, ছিল কয়েন জেতার সুযোগও। কারণ এই কয়েনই ক্যাপ্টেন হওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কয়েন সংগ্রহ করেন রাজবীর। ফলে আগামী সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে বিগ বসের তরফে নির্বাচিত হলেন তিনি।(Bigg Boss Bangla)
লাক্সারি টাস্কের উত্তেজনা কাটতে না কাটতেই বাড়িতে নতুন করে আতঙ্ক তৈরি হয়। শনি-রবিবারের ‘দাদার দরবার’-এ কাউকেই বাদ না দেওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন প্রতিযোগীরা। কিন্তু সেই পরিস্থিতিই বদলে যায় বিগ বসের পরবর্তী ঘোষণায়।
বিগ বস জানিয়ে দেন, আগামীকাল সপ্তাহের মাঝেই হবে এভিকশন। অর্থাৎ নিয়মিত উইকেন্ডের অপেক্ষা না করেই এবার বাড়ি ছাড়তে হতে পারে কোনও এক প্রতিযোগীকে। ঘোষণার পর স্বাভাবিকভাবেই চাপে পড়েছেন বাড়ির সদস্যরা। বিশেষ করে ঝিলম ও দীপেন্দুর পারফরম্যান্স নিয়ে বিগ বসের অসন্তোষের প্রেক্ষিতে তাঁদের মধ্যে কেউ বিপদে পড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কার বিদায় হবে, সেই উত্তর মিলবে আগামী পর্বেই।


