নয়াদিল্লি: কলি যুগ শেষ হতে এখনও ঢের দেরি! কিন্তু তার আগেই নাকি ধরাধামে হাজির হয়েছেন বিষ্ণুর শেষ অবতার কল্কি! তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রূপে! এমনটাই মত ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। নরেন্দ্র মোদীর রাষ্ট্রের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি লেখায় মোদীর নেতৃত্ব, সাহস, প্রজ্ঞা ও সহমর্মিতার প্রশংসা করেন তোবগে। তাঁর বক্তব্য, ভারতের নেতৃত্বে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সদ্যই আদানি পাওয়ার ভুটানের রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের সঙ্গে থিম্পুতে ৭৭০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি করেছে। গত বছর থেকে দ্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের সঙ্গে আদানী পাওয়ারের এটি দ্বিতীয় সহযোগিতা বলে জানা যাচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লিয়নচেন দাশো শেরিং তোবগে-সহ বিশিষ্ট অতিথিরা।
এরপরই মোদীকে কল্কি অবতার বলে উল্লেখ করেন ভূটানের প্রধানমন্ত্রী! শুধু ভারত-ভুটান সম্পর্ক নয়, ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বর জোরালো করা এবং জি-২০-তে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করার ক্ষেত্রেও মোদীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
তবে লেখার সবচেয়ে নজরকাড়া অংশ আসে মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে। তোবগে স্মরণ করেন ২০১৯ সালের কথোপকথন এবং ২০২৪ সালে দিল্লিতে মোদীর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত।
আর সেখানেই তাঁর সেই চমকপ্রদ সম্বোধন, ‘আমার বড় ভাই’ মোদী (Narendra Modi)। এরপর আরও এক ধাপ এগিয়ে মোদীকে কল্কি অবতারের সঙ্গে তুলনা করেন ভুটানের প্রধানমন্ত্রী। তাঁর ব্যাখ্যায়, বিশৃঙ্খলা দূর করা এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠার ভাবনার সঙ্গে এই তুলনা জড়িত।
অর্থাৎ, কূটনীতির আনুষ্ঠানিক ভাষার বাইরে গিয়ে মোদীকে নিয়ে তোবগের বক্তব্যে উঠে এসেছে একেবারে ব্যক্তিগত আবেগের সুরও। ‘বড় ভাই’ থেকে ‘কল্কি অবতার’, ভুটানের প্রধানমন্ত্রীর এই বিশেষ উপমাই এখন নজর কেড়েছে।


