কলকাতা: শ্যুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন ‘বাঘিনী’র মহুয়া ওরফে অভিনেত্রী সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)। কিন্তু বাড়ি ফেরার সেই পথেই ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়ার অভিযোগ তাঁর। আতঙ্কে কাঁপতে কাঁপতে পরে লাইভে গোটা ঘটনা জানান অভিনেত্রী।
প্রথমে পার্কস্ট্রিট যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন সম্পিতা (Sampita Pramanik)। কিন্তু শ্যুটিংয়ে দেরি ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বদলে অ্যাপেই গন্তব্য পরিবর্তন করে দমদমের বাড়ির ঠিকানা দেন তিনি। এরপরই শুরু বিপত্তি। সম্পিতার দাবি, বারবার নামিয়ে দেওয়ার অনুরোধ করলেও চালক গাড়ি থামাচ্ছিলেন না। শেষ পর্যন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামে।
সেখানেই ভাড়া নিয়ে শুরু হয় বচসা। চালক দমদম পর্যন্ত পুরো ভাড়া দাবি করেন বলে অভিযোগ। সম্পিতা (Sampita Pramanik) জানান, তিনি যতটা পথ এসেছেন, সেই অনুযায়ী ভাড়া দেবেন। এরপর গাড়ি থেকে নামলেও বিপদ কাটেনি। তাঁর ভারী ব্যাগ তখনও গাড়ির ভিতরে। অভিনেত্রীর অভিযোগ, ব্যাগ নিয়েই গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করেন চালক। ব্যাগ ফেরত পেতে তখন রাস্তায় গাড়ির পিছনে দৌড়তে হয় তাঁকে।
কোনওরকমে জিনিসপত্র ফিরে পান সম্পিতা। আতঙ্কে কাঁপতে কাঁপতে সেখান থেকেই লাইভে বলেন, ‘আজকে মরেই যেতাম!’ সম্পিতার (Sampita Pramanik) আরও অভিযোগ, গাড়ির ভিতর থেকেই অ্যাপের সেফটি ফিচারে বারবার মেসেজ করেছিলেন তিনি। কিন্তু দ্রুত কোনও সাহায্য পাননি। ঘটনার পর ক্যাব চালকের নাম ও গাড়ির নম্বর প্রকাশ করে কালীঘাট থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন অভিনেত্রী।


