Aaj India Desk, নয়া দিল্লি: SIR এবং Form 6-এ পরিবর্তন নিয়ে মামলায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নোটিস দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব চাওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে, নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল, তা স্পষ্ট করতে বলেছে শীর্ষ আদালত। তবে আপাতত জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আবেদন খারিজ করেছে আদালত।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। মামলাটির ভিত্তি ছিল দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন। সেখানে অভিযোগ করা হয়েছিল, গত ১০ মাসে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য একাধিকবার লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তি উপেক্ষা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। তবে আদালত স্পষ্ট করেছে, শুধুমাত্র সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে কোনও নির্দেশ দেওয়া হবে না। রিপোর্ট সম্পূর্ণ সঠিক, আংশিক সঠিক অথবা ভুল সবই হতে পারে। তাই আগে কমিশন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা প্রয়োজন।
Form 6 বদল কার নির্দেশে?
নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির Form 6-এ পরিবর্তন এবং সংশ্লিষ্ট সফটওয়্যারে বদল আনার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। কার নির্দেশে এই পরিবর্তন করা হয়েছিল এবং কমিশনের অন্য সদস্যদের অনুমোদন ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট ফাইল ও নথি আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, কমিশনের সিদ্ধান্ত আইন মেনে নেওয়া না হয়ে থাকলে তা বাতিল করা হতে পারে।
সাসপেনশনের আবেদন খারিজ
মামলাকারীরা CEC জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) অবিলম্বে সাসপেন্ড করার আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট কারণ নেই।
আগামী সপ্তাহে মামলাটির পরবর্তী শুনানি। কমিশনের জবাব এবং জমা দেওয়া নথির উপরেই এখন নজর।


