Aaj India Desk, মুম্বাই: দুই ভাইকে সঙ্গে নিয়ে দক্ষিণ ভারতীয় খাবার খেতে মুম্বইয়ের (Mumbai) একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন অমিত ত্রিবেদী। পছন্দ করে অর্ডার করেছিলেন মাইসোর মসলা ধোসা (Masala Dosa)। কিন্তু খাবার কিছুটা খাওয়ার পরই ঘটে যায় ভয়াবহ অভিজ্ঞতা। ধোসার ভিতরে থাকা আলুর পুরের মধ্যে মরা ইঁদুর দেখতে পান তিনি। এমন দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন অমিত। পরে বমিও করেন বলে অভিযোগ।
ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বরের। মুম্বইয়ের বোরিভালি ইস্টের রাধাকৃষ্ণন হোটেলে দুই ভাইকে নিয়ে খেতে গিয়েছিলেন অমিত। ধোসার ভিতরে মরা ইঁদুরের ছবি ও ভিডিও করার পাশাপাশি রেস্তোরাঁর বিলও সংরক্ষণ করেন তিনি। পরে সমস্ত প্রমাণ-সহ সেই ঘটনার কথা সমাজমাধ্যমে তুলে ধরেন। একই সঙ্গে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার টুকারাম মুন্ডে (Tukaram Mundhe), মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং এমএনএস নেতা রাজ ঠাকরেকেও ট্যাগ করেন তিনি।
অভিযোগের পর প্রথমে পুলিশের দ্বারস্থ হন অমিত। পুলিশ বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-কে জানায়। অভিযোগ খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এফডিএ কমিশনার টুকারাম মুন্ডে রেস্তোরাঁটির লাইসেন্স সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত মে মাসে মহারাষ্ট্রের এফডিএ কমিশনারের দায়িত্ব নেন টুকারাম মুন্ডে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্যপ্রস্তুতকারী সংস্থার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে একাধিক অভিযান চালাচ্ছে এফডিএ। অস্বাস্থ্যকর খাবার সংক্রান্ত অভিযোগে দ্রুত পদক্ষেপের জন্যও আলোচনায় এসেছেন তিনি।


