Aaj India Desk, কলকাতা: রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। এবার আরও বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদের AJUP নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্রুত মৃত্যু কামনা করার কথা জানিয়েছেন তিনি।
হুমায়ুনের বক্তব্য, তাঁর দলের কর্মীদের পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে এবং অনেকে বাড়ি ছেড়ে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কর্মীরা মুখ্যমন্ত্রীর অনিষ্ট কামনা করবেন বলেই দাবি তাঁর। এমনকী, মুখ্যমন্ত্রীর দ্রুত মৃত্যু হোক, সেই প্রার্থনাই তিনি করবেন বলে মন্তব্য করেন রেজিনগরের এই নেতা। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন কবীর অজিত পাওয়ার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
হুমায়ুনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর দাবি, বাংলার রাজনীতিকে এই ধরনের ভাষার দিকে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল নেতৃত্বই দায়ী। হুমায়ুনকে কটাক্ষ করে কৌস্তভ বলেন, সংবাদমাধ্যমে বক্তব্য রেখেই তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন। একইসঙ্গে কোনও মানুষের মৃত্যু কামনা করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এর আগে রেজিনগরের উপনির্বাচনকে সামনে রেখে AJUP কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন হুমায়ুন কবীর। প্রতিবাদে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাকও দিয়েছিলেন তিনি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে প্রায় ছয় ঘণ্টার মধ্যেই অবস্থান তুলে নেন তিনি।


