Aaj India Desk, কলকাতা: পুজোর আগেই সুখবর রাজ্যের হোমগার্ডদের (Home Guard) জন্য। আগামী অক্টোবর মাস থেকে বাড়তে চলেছে হোমগার্ডদের ডিউটি অ্যালাউন্স (Allowance)। এই মর্মে রাজ্য সরকারের (State Government) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১ অক্টোবর থেকে হোমগার্ড ভলান্টিয়ার এবং হোমগার্ড অফিসারদের দৈনিক ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বাড়ানো হবে।
পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন (West Bengal Home Guards Organization) এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা এই সুবিধার আওতায় থাকবেন। নতুন হারে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা ৬৪৮ টাকা থেকে বেড়ে হবে ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কমান্ডারদের ভাতা ৬৫৪ টাকা থেকে বেড়ে ৭৬৪ টাকা হবে। গ্রুপ কমান্ডাররা ৬৫৬ টাকার পরিবর্তে পাবেন ৭৬৬ টাকা।
একইভাবে ডেপুটি কমান্ড্যান্টদের দৈনিক ডিউটি অ্যালাউন্স ৬৫৯ টাকা থেকে বেড়ে ৭৬৯ টাকা এবং হোমগার্ড কমান্ড্যান্টদের ৬৬২ টাকা থেকে বেড়ে ৭৭২ টাকা হবে। অন্যদিকে, ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টদের দৈনিক ভাতাও বাড়ছে। ৬৬৫ টাকা থেকে তা বেড়ে হচ্ছে ৭৭৫ টাকা। অর্থাৎ, অক্টোবর থেকে পদ অনুযায়ী প্রতিদিনই অতিরিক্ত ১১০ টাকা করে ডিউটি অ্যালাউন্স পাবেন হোমগার্ড কর্মী ও আধিকারিকরা।


