Aaj India Desk, নয়া দিল্লি : খুশির খবরটা এল শুটিং রেঞ্জ থেকেই! ব্যক্তিগত ইভেন্টে হতাশার পর এবার জোড়া নিশানায় সোনা এনে দিলেন কামালজিৎ ও সুরুচি ইন্দর সিং। শুক্রবার এশিয়ান গেমস ২০২৬-এর (Asian Games 2026) ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে ভারতের মুখে হাসি ফোটাল এই জুটি।
ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থতার পর প্রত্যাবর্তন
কামালজিৎ ও সুরুচি দু’জনেরই ব্যক্তিগত ইভেন্টে প্রত্যাশামতো ফল হয়নি। কামালজিৎ ব্যক্তিগত যোগ্যতা পর্বে নবম এবং সুরুচি ২৬তম স্থানে শেষ করেন। ফলে কেউই ব্যক্তিগত ফাইনালে উঠতে পারেননি। মিক্সড টিমে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারতীয় জুটি। যোগ্যতা পর্বেই তাঁরা দুর্দান্ত ছন্দে ছিলেন। ৫৮৭ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে ফাইনালে জায়গা করে নেন কামালজিৎ-সুরুচি। এই স্কোরটি তৎকালীন এশিয়ান রেকর্ডের সমান ছিল।(Asian Games 2026)
শুরু থেকেই এগিয়ে ভারত
যোগ্যতা পর্বের প্রথম সিরিজে ভারতীয় জুটি সংগ্রহ করেন ১৯৬ পয়েন্ট। দ্বিতীয় সিরিজে আরও ১৯৫ যোগ করে মোট ৩৯১-এ পৌঁছে যান তাঁরা। শেষ সিরিজে ১৯৬ পয়েন্ট তুলে মোট স্কোর দাঁড়ায় ৫৮৭। এর মধ্যে ছিল ২৯টি ‘ইনার ১০’। ফাইনালেও শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। শেষ পর্যন্ত ৪৮৪.৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার থেকে ৬.৬ পয়েন্ট এগিয়ে সোনা নিশ্চিত করেন কামালজিৎ ও সুরুচি।
উল্লেখ্য, মাত্র ২০ বছর বয়সি সুরুচি ইন্দর সিং ইতিমধ্যেই আন্তর্জাতিক শুটিংয়ে পরিচিত নাম। ২০২৫ সালের ISSF ওয়ার্ল্ড কাপ ফাইনালে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতার পাশাপাশি ২৪৫.১ পয়েন্ট নিয়ে জুনিয়র বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ISSF-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মিউনিখ ও ২০২৫ সালে লিমা ও মিউনিখে বিশ্বকাপেও সাফল্য রয়েছে তাঁর। অন্যদিকে কামালজিৎ মূলত ৫০ মিটার পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৬ সালের নিউ দিল্লি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তলে ব্যক্তিগত রুপো জিতেছিলেন তিনি। ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া হওয়ার পর এবার মিক্সড টিমে সোনা জিতে কামালজিৎ ও সুরুচির এই প্রত্যাবর্তন এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতের শুটিং অভিযানে যেন নতুন উদ্যম যোগ করল।


