Aaj India Desk, নয়া দিল্লি : এই বছরই সবাইকে অবাক করে রাজ্যসভায় আসন আলো করে বসেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। মাস ফিরতে না ফিরতেই তৃনমূলের পরাজয়ের পর সেই আসন ছেড়ে চলে যান তিনি। এরপরই তাঁর ছেড়ে যাওয়া আসন ঘিরে ফের শুরু হয় রাজনৈতিক জল্পনা। আগামী ১৬ অক্টোবরই হতে পারে ভোট। আর সেই সূত্রেই আবার নতুন করে প্রশ্ন উঠছে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো কোয়েল মল্লিকও কি এবার বিজেপির টিকিটেই রাজ্যসভায় নিজেরই ছেড়ে যাওয়া আসনে ফিরবেন?
পদ ছাড়ার পরেই বাড়ে জল্পনা
তৃণমূলের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই ১৬ জুলাই সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিক (Koel Mallick)। রাজ্যসভা চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে নয়-এ নেমে আসে। পদত্যাগের পর দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের সাক্ষাৎ হয়। এরপরই তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শুরু হয় চর্চা।
সুখেন্দু-সুস্মিতাদের পথেই কোয়েল ?
কোয়েলের আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেছিলেন। পরে তাঁরা বিজেপিতে যোগ দেন এবং রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন। এই ঘটনাপ্রবাহই কোয়েলের ক্ষেত্রেও একই সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়িয়েছে।
তবে রাজনৈতিক চর্চা চললেও কোয়েল মল্লিক (Koel Mallick) এখনও প্রকাশ্যে নিজের পরবর্তী রাজনৈতিক অবস্থান জানাননি। ফলে আপাতত তাঁর বিজেপিতে যোগদান বা বিজেপির টিকিটে রাজ্যসভায় ফেরার বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে। পাশাপাশি রাজনৈতিক পরিসরের বাইরে বর্তমানে কোয়েল মল্লিক অভিনয়জগতেও ব্যস্ত। সাম্প্রতিক সময়ে তাঁর নতুন কাজ নিয়ে খবর প্রকাশ্যে এসেছে। এখন নজর রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক সূচি, প্রার্থী তালিকা এবং কোয়েল মল্লিকের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


