Aaj lndia Desk, কলকাতা: এক মঞ্চে দুই পরিচিত মুখ। একজন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin), অন্যজন অভয়ার মা তথা বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। আগামী ৮ অক্টোবর কলকাতার মহাজাতি সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দু’জনকেই দেখা যেতে পারে। ‘শিকল ভাঙার গল্প’ নামের এই অনুষ্ঠানে তসলিমা নাসরিন (Taslima Nasrin) এবং রত্না দেবনাথ (Ratna Debnath) দু’জনকেই ‘উমা’ সম্মানে ভূষিত করার কথা রয়েছে। ফলে অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
এই আয়োজনের নেপথ্যে রয়েছে ‘লে রিদম্’ (Le Rhythm) নামে একটি সংস্থা। দুঃস্থ শিশুদের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং তাঁদের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়ানোই সংস্থাটির অন্যতম কাজ। সংস্থার কো-ফাউন্ডার রাজীব মুখোপাধ্যায় (Rajib Mukhopadhyay) জানিয়েছেন, মহাজাতি সদনেই হবে এবারের অনুষ্ঠান। সেখানেই তসলিমা নাসরিনকে ‘উমা’ সম্মানে সম্মানিত করা হবে।
তবে চমক এখানেই শেষ নয়। একই মঞ্চে সম্মানিত করা হবে রত্না দেবনাথকেও। সেই কারণে একই অনুষ্ঠানে তসলিমা নাসরিন এবং অভয়ার মায়ের উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে।
তসলিমার নির্দেশনায় বিশেষ আয়োজন
এবারের অনুষ্ঠানের নাম ‘শিকল ভাঙার গল্প’। পুরো আয়োজনের নির্দেশনায় থাকছেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। নৃত্য পরিকল্পনার দায়িত্বে রয়েছেন খ্যাতনামা নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ি (Maitri Pahari)। এর আগে রবীন্দ্র সদনে ‘ফেরা’ নামে একটি অনুষ্ঠান হয়েছিল। এবার সেই ধারার নতুন আয়োজন হতে চলেছে মহাজাতি সদনে।
অনুষ্ঠান দেখতে দর্শকদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না। তবে নিরাপত্তার কারণে আগে থেকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের তথ্য দিতে হবে বলে জানা গিয়েছে।
১২ অক্টোবর পর্যন্ত কলকাতায় থাকবেন লেখিকা
জানা যাচ্ছে, ৮ অক্টোবর কলকাতায় পা রাখবেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। ১২ অক্টোবর পর্যন্ত শহরে থাকার কথা তাঁর। এই সময়ের মধ্যে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তাঁর।
প্রসঙ্গত, গত জুলাইয়ে দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরেছিলেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে শহর ছাড়ার পর ফের কলকাতায় আসতে পারবেন কি না, তা নিয়ে একসময় সংশয়ে ছিলেন তিনি। শহরে ফিরে তসলিমা জানিয়েছিলেন, একসময় কলকাতাকে প্রগতিশীল শহর হিসেবে দেখে ফেরার আশা করেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, সেই আশা ক্রমশ ক্ষীণ হয়েছে। দীর্ঘ বিরতির পর কলকাতায় ফিরে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছিলেন লেখিকা।


