30 C
Kolkata
Saturday, September 19, 2026
spot_img

দলীয় অ্যাকাউন্টে ৭ কোটি! শালবনি মামলায় সুমিতের বয়ানে নতুন করে চাপে অভিষেক?

Aaj India Desk, কলকাতা: শালবনির সরকারি জমি জালিয়াতির (Salboni Land Scam) মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার এই মামলার তদন্তে তৃণমূলের (TMC) সর্বোচ্চ স্তরের নাম উঠে এসেছে বলে দাবি করেছে সিআইডি (CID)। তদন্তকারীদের বক্তব্য, সরকারি জমি বেআইনি ভাবে বিক্রি করে পাওয়া বিপুল টাকা রাজ্য যুব তৃণমূলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। সেই টাকা জমা দেওয়ার নির্দেশ কোথা থেকে এসেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম উঠে এসেছে বলে আদালতে জানিয়েছে সিআইডি।

শনিবার মেদিনীপুর আদালতে সুমিত রায়কে পেশ করা হয়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে সিআইডির দাবি, জেরার সময় সুমিত জানিয়েছেন, অভিষেকের নির্দেশেই ‘টি ঘোষ’ নামে এক ব্যক্তি তাঁকে টাকা দিয়েছিলেন। ওই ব্যক্তিকে অভিষেকের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় করানো হয়েছে। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা দেওয়ার দায়িত্বই সুমিত পালন করেছিলেন বলে তদন্তকারীদের দাবি। তবে জমি জালিয়াতির টাকা তিনি নিজে নেননি বলেই জেরায় দাবি করেছেন সুমিত।

সিআইডির তদন্ত অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে শালবনিতে সরকারি জমির নথি জাল করে বিক্রির অভিযোগ ওঠে। এই ঘটনায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিআইডি। তদন্তে কলকাতার হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা যুব তৃণমূলের অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। সিআইডির দাবি, কয়েক দফায় প্রায় ৭ কোটি টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছিল।

তদন্তকারীদের আরও দাবি, সুজয় হাজরার সঙ্গে সুমিতের আর্থিক লেনদেনের বিষয়ে কয়েক জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া গিয়েছে। সুমিতের নিজস্ব অফিস না থাকায় কলকাতার ক্যামাক স্ট্রিট ও কালীঘাটের সাংসদ কার্যালয় থেকেই তিনি কাজ করতেন বলেও তদন্তে উঠে এসেছে। এখন ‘টি ঘোষ’-কে জিজ্ঞাসাবাদ করে ওই টাকার উৎস সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে সিআইডি। তদন্তে অভিযোগগুলির সত্যতা মিললে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে তদন্তকারীদের ইঙ্গিত।

এ দিন সুমিত-সহ চার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। সিআইডি ৭ দিনের হেফাজত চাইলেও আদালত ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁদের ফের আদালতে হাজির করানো হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন