Aaj India Desk, কলকাতা: উপনির্বাচনের দিন ঘোষণা হতেই ফের উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। ৬ অক্টোবর ভোট হবে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে। তবে দুই কেন্দ্রের মধ্যে রাজনৈতিক আলোচনার মূল আকর্ষণ হয়ে উঠেছে নন্দীগ্রাম। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ছেড়ে যাওয়া এই কেন্দ্রেই এবার নতুন করে লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে। বিজেপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা হবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তার মধ্যেই সামনে এসেছে একটি নাম হাসিরানি রথ (Hasirani Rath)।
হাসি রথ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)র নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)-র মা। তাঁকেই এবার নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়াইয়ের সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
দায়িত্ব পেলে পিছিয়ে যাবেন না হাসি রথ
প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাসি রথ জানিয়েছেন, দল বা নেতৃত্ব তাঁর উপর বড় দায়িত্ব দিলে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিজের পরিবারের অভিভাবক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছেন হাসি রথ। তাঁর দাবি, ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে রয়েছেন। দু’বার পঞ্চায়েত সদস্য এবং তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কাজ করেছেন। এবার আরও বড় দায়িত্ব পেলে নিজের সামর্থ্য অনুযায়ী তা পালন করবেন বলেই জানিয়েছেন তিনি।
প্রার্থী নিয়ে মুখ খুললেন সৌমেন্দু
হাসি রথের নাম ঘিরে আলোচনা চললেও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, উপনির্বাচনে দলের প্রার্থী নির্বাচন উচ্চস্তরেই হয়। যে কোনও সময় নাম ঘোষণা করা হতে পারে। প্রার্থী যিনিই হন, তাঁকে সামনে রেখেই বিজেপি নির্বাচনী লড়াইয়ে নামবে বলে জানিয়েছেন তিনি।
সৌমেন্দুর দাবি, নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে কোনও সংশয় নেই। বরং এবার জয়ের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে দল। তাঁর কথায়, এবার লক্ষ্য রেকর্ড মার্জিনে জয় এবং ভোটের ব্যবধান এক লক্ষ ১০ হাজারের গণ্ডি পেরিয়ে যাওয়া।
মমতা নন্দীগ্রামে এলে কী হবে?
এর মধ্যেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূলের তরফে মমতা এই কেন্দ্রে লড়তে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে ঋতব্রত পন্থী তৃণমূলের মদন মিত্ররা জানিয়েছেন, মমতা নন্দীগ্রামে প্রার্থী হলে তাঁরা সেখানে আর প্রার্থী দেবেন না।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-তরফে এখনও নন্দীগ্রাম থেকে লড়াই করার বিষয়ে কোনও ঘোষণা আসেনি। তার মধ্যেই তাঁকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সৌমেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রামে ফের লড়াই করলে মমতার হারের হ্যাটট্রিক হতে পারে। ফলে প্রার্থীর নাম ঘোষণার আগেই নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে কার্যত রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।


