28 C
Kolkata
Saturday, September 5, 2026
spot_img

‘আজও তাঁদের চিন্তাভাবনা বদলায়নি’-১৩ বছর পর ফের সেই SRCC-তে এসে কার দিকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর?

Aaj India Desk, নয়াদিল্লি: ২০১৩ সাল। তখন নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই সময় দিল্লির শ্রীরাম কলেজ অব কমার্সে (SRCC) এসে পড়ুয়াদের সামনে বক্তব্য রেখেছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর শনিবার ফের সেই কলেজের মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার উপলক্ষ ছিল SRCC-এর ১০০ বছর পূর্তি (SRCC Centenary)।

শতবর্ষের অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় প্রধানমন্ত্রীর। ২০১৩ সালের সেই বক্তব্যের প্রসঙ্গ তুলে মোদী বলেন, তখন দেশের পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যেই হতাশা ছিল। অনেকেই আশা করেছিলেন, তিনি হয়তো তৎকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করবেন। কিন্তু তিনি তা করেননি। তাঁর দাবি, সেদিন তিনি অভিযোগের বদলে ভবিষ্যৎ ভারতের একটি ইতিবাচক ছবি তুলে ধরেছিলেন।

২০১৩ সালের সেই সময়ের কথা বলতে গিয়ে ‘অর্ধেক ভর্তি গ্লাস’-এর উদাহরণও দেন মোদী। তাঁর বক্তব্য ছিল, একই গ্লাসকে কেউ অর্ধেক খালি হিসেবে দেখতে পারেন, আবার কেউ অর্ধেক জল ও অর্ধেক বাতাসে ভরা হিসেবেও দেখতে পারেন। সেই সময় তিনি দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটিই বেছে নিয়েছিলেন। শনিবারের অনুষ্ঠানে পড়ুয়াদের তিনি সেই সময়কার সংবাদপত্রের শিরোনামগুলিও দেখার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালে দেশ যখন নানা ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের আচরণ নিয়েও আতঙ্ক ছিল। তাঁর দাবি, গত কয়েক বছরে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। সন্ত্রাসবাদকে মদত দেওয়া শক্তিগুলি এখন অনেকটাই চাপে রয়েছে। পাকিস্তান থেকে কোনও হামলার চেষ্টা হলে ভারতও তার জবাব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জম্মু-কাশ্মীর থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত শান্তি বেড়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নকশালবাদ মোকাবিলায় সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, যে বিশ্ব একসময় ভারতকে নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই বিশ্বই এখন ভারতের অগ্রগতি নিয়ে আলোচনা করছে। দেশের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হারও ভারতের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে জানান তিনি।

তবে তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সমালোচকদের নিয়ে মন্তব্য। মোদী বলেন, ২০১৩ সালে যাঁরা দেশের পরিস্থিতির মধ্যে শুধু ‘অর্ধেক খালি গ্লাস’ দেখেছিলেন, তাঁদের চিন্তাভাবনা এখনও বদলায়নি। অর্থাৎ পরিস্থিতি বদলালেও তাঁদের দেখার দৃষ্টিভঙ্গি একই রয়ে গিয়েছে বলে ইঙ্গিত করেন তিনি।

SRCC-এর শতবর্ষ নিয়েও প্রধানমন্ত্রী আবেগঘন কথা বলেন। তাঁর মতে, কোনও শিক্ষা প্রতিষ্ঠান ১০০ বছর পূর্ণ করলে তার সঙ্গে জড়িয়ে থাকে বহু প্রজন্মের সাফল্য ও স্মৃতি। দরিয়াগঞ্জের ছোট জায়গা থেকে যাত্রা শুরু করে SRCC আজ একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখান থেকে পড়াশোনা করে বহু শিক্ষাবিদ, প্রশাসক, উদ্যোক্তা, পেশাদার এবং নীতিনির্ধারক দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

১৯২৬ সালে শিল্পপতি ও সমাজসেবী স্যার শ্রী রামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরাম কলেজ অব কমার্স। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই প্রতিষ্ঠান বর্তমানে বাণিজ্য, অর্থনীতি ও ম্যানেজমেন্ট শিক্ষার অন্যতম পরিচিত কেন্দ্র। চলতি বছরের এপ্রিলেই SRCC-এর শতবর্ষ উপলক্ষে কলেজের গভর্নিং বডি ও প্রতিনিধিদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় কলেজের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন