পৌলোমি ব্যানার্জি,মুম্বই: বলিউডের প্রভাবশালী ‘খান’ বা ‘খিলাড়ি’রা যখন নীরব, তখন ঋণের দায়ে জেলবন্দি অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) পাশে দাঁড়িয়ে অনন্য নজির গড়লেন এই তারকা। ৯ কোটি টাকার ঋণখেলাপি মামলায় ফেঁসে যাওয়া সহকর্মীকে খাদের কিনারা থেকে টেনে তুলতে তাঁর আগামী ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার ঘোষণা করেছেন এই প্রসিদ্ধ তারকা!।
২০১০ সালে ছবি তৈরির জন্য নেওয়া ঋণ শোধ করতে না পারায় রাজপাল যাদবকে (Rajpal Yadav) সম্প্রতি দিল্লির তিহাড় জেলে পাঠানো হয়েছে। আইনি মারপ্যাঁচে যখন রাজপালের (Rajpal Yadav) ক্যারিয়ার ও ভবিষ্যৎ অন্ধকারের মুখে, তখন ‘মসিহা’ এই “ভিলেন” তাঁকে পেশাদারভাবে সমর্থনের অঙ্গীকার করেন। এই পাঞ্জাবি ফিল্ম স্টার জানিয়েছেন, তাঁর পরবর্তী বড় প্রজেক্টে রাজপাল (Rajpal Yadav) একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, যাতে জেল থেকে ফিরেই তিনি সম্মানের সঙ্গে কাজ শুরু করতে পারেন।
রাজপাল যাদবের (Rajpal Yadav) এই সংকট নতুন নয়, তবে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের থেকে কোনো সাহায্য না পাওয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের মতে, কোটি কোটি টাকার ব্যবসা করা সুপারস্টাররা এগিয়ে না এলেও এই তারকা প্রমাণ করেছেন তিনি পর্দার বাইরেও “হিরো”। জানেন এই হিরো কে? এই হিরো হচ্ছে সোনু সুদ।
করোনা কাল থেকেই সাধারণের বিপদে ঝাঁপিয়ে পড়া সোনু এবার নিজের ইন্ডাস্ট্রির এক প্রতিভাবান শিল্পীর জীবন বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন। সোনুর এই সাহসী ও মানবিক উদ্যোগ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছে।


