30 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

৪ সপ্তাহ নয়, মাত্র ৩ সপ্তাহ! আরজি কর মামলায় CBI-কে কড়া সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

Aaj India Desk, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Rape Murder Case) তদন্ত আরও একবার খতিয়ে দেখছে সিবিআই (CBI)। এই ‘ফারদার ইনভেস্টিগেশন’ শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিন সপ্তাহের সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়ে দিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যেই নতুন করে শুরু হওয়া তদন্তের কাজ শেষ করতে হবে। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

রুদ্ধদ্বার কক্ষে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট

শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে এই মামলার শুনানি হয়। সেখানে সিবিআই তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতের সামনে তুলে ধরে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মোট ৫৪টি নির্দিষ্ট বিষয় নিয়ে নতুন করে তদন্তের আবেদন জানানো হয়েছিল। সিবিআই জানিয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ১৬টি বিষয় খতিয়ে দেখা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে ঘটনার রাতে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য খাবার নিয়ে আসা ডেলিভারি কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, সেই রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসকের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সিবিআই।

চার সপ্তাহ চেয়েছিল CBI, সময় পেল তিন সপ্তাহ

বাকি বিষয়গুলির তদন্ত শেষ করতে সিবিআইয়ের নতুন বিশেষ তদন্তকারী দল বা SIT আদালতের কাছে চার সপ্তাহ সময় চেয়েছিল। তবে সেই আবেদন পুরোপুরি মঞ্জুর করেনি আদালত। চার সপ্তাহের পরিবর্তে মাত্র তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ফের মামলাটির শুনানি হবে। ফলে তার আগেই বাকি তদন্তের কাজ অনেকটাই এগিয়ে নিতে হবে সিবিআইকে।

কেন নতুন করে তদন্ত?

আরজি কর-কাণ্ডের প্রথমদিকে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে সঞ্জয় রায়কে এই ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। সেই মামলায় পরে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়।

তবে তদন্তের ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিল না নির্যাতিতার পরিবার। তাঁদের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানিয়ে তদন্তের একাধিক দিক ফের খতিয়ে দেখার দাবি করা হয়। সেই আবেদনের পরই সিবিআইকে নতুন করে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট।

এর আগের শুনানিতে নতুন SIT-এর তদন্তেও পুরনো তদন্তের প্রভাব থেকে যাওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছিলেন, ঘটনার রাতের শুরু থেকে চিকিৎসকের কর্মস্থল এবং সেখান থেকে শ্মশান পর্যন্ত গোটা ঘটনার ধারাবাহিকতা নতুন করে খতিয়ে দেখতে হবে। হাইকোর্টের সেই নির্দেশের পরই সিবিআইয়ের নতুন দল আরজি কর হাসপাতালে গিয়ে ফের সরেজমিনে তদন্ত শুরু করে। এবার সেই তদন্ত শেষ করার জন্যই তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিল আদালত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন