31 C
Kolkata
Thursday, August 27, 2026
spot_img

তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি! কান্নায় ভেঙে পড়ল পরিবার!

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা : কৈলাস-মানস সরোবর যাওয়ার স্বপ্ন নিয়ে নেপালে পাড়ি দিয়েছিলেন স্বপন ও মৌ মণ্ডল। তবে নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) পর থেকেই বন্ধ তাদের ফোন। অনেক চেষ্টা করেও তাদের সাথে কোনও যোগাযোগ করতে পারেননি পরিবার। একই ভাবে বিধ্বংসী বানে নিখোঁজ বারাসতের শিক্ষিকা সুশ্মিতা ভট্টাচার্যও।

কৈলাসের পথে স্বপন-মৌ

উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন ও মৌ দু’জনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে যান। সেখান থেকে তাঁদের কৈলাস-মানস সরোবর যাওয়ার কথা ছিল। বুধবার নেপালে বিপর্যয়ের (Nepal Flash Flood) খবর আসার পর থেকেই পরিবারের উৎকণ্ঠা বাড়তে থাকে। বারবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। দু’জনের মোবাইলই বন্ধ বলে পরিবার সূত্রে দাবি।

ফোনের ওপারে আর সাড়া নেই

যে সফর আনন্দের হওয়ার কথা ছিল, তা এখন পরিবারের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয়জনেরা অপেক্ষা করছেন একটি ফোনের জন্য। প্রশাসনের মাধ্যমে তাঁদের অবস্থান জানার চেষ্টা চলছে।পরিবারের সদস্যদের আশঙ্কা, নেপালের দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণেও হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত উৎকণ্ঠা কাটছে না পরিবারের।

৩০ জনের দলের সঙ্গে নেপালে সুশ্মিতা

বারাসতের শিক্ষিকা সুশ্মিতা ভট্টাচার্যও নেপালে গিয়েছিলেন। গত ২১ অগস্ট প্রায় ৩০ জন পর্যটকের একটি দলের সঙ্গে তিনি রওনা দেন। তাঁর স্বামী বাড়িতে ছিলেন। ছেলে কসবায় থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাঠমান্ডু পৌঁছে সুশ্মিতা ও তাঁর দলের সদস্যরা পশুপতিনাথ মন্দিরে যান। এরপর মানস সরোবরের পথে কেরুং এলাকার দিকে রওনা দেন তাঁরা।

পরিবারের সঙ্গে যাত্রাপথে একবার সুশ্মিতার কথা হয়েছিল। তারপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারের পর থেকে তাঁর ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি। সুশ্মিতার সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁর স্বামীও কলকাতায় রওনা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এখন প্রশাসনের মাধ্যমে তাঁর খোঁজ পাওয়ার অপেক্ষায় পরিবার।

নেপালে ভয়াবহ হড়পা বান

বুধবার সকালে নেপালের রাসুয়া ও নুওয়াকোট জেলার বিস্তীর্ণ এলাকায় হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু বাড়িঘর ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ের পর বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭৫টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষের সন্ধান নেই। সরকারি সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

খোঁজ পেতে হেল্পলাইন

নেপালে নিখোঁজ ভারতীয়দের পরিবারের জন্য পশ্চিমবঙ্গ সরকার দুটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে, 033-2479 3311 ও 9147890181। ভারতীয় দূতাবাসের তরফেও যোগাযোগের জন্য নম্বর দেওয়া হয়েছে— +9779851316807 , +9779709107500।

তীর্থযাত্রার আনন্দ মুহূর্তেই বদলে গিয়েছে উৎকণ্ঠায়। বসিরহাটের বাড়িতে স্বপন-মৌয়ের ফেরার অপেক্ষা, আর বারাসতে সুশ্মিতার পরিবারের চোখ বারবার আটকে থাকছে ফোনের দিকে। প্রিয়জনেরা এখনও আশায় বুক বাঁধছেন, হয়তো হঠাৎই বেজে উঠবে ফোন, ওপার থেকে ভেসে আসবে পরিচিত কণ্ঠস্বর। নেপালের বিপর্যয়ের (Nepal Flash Flood) মধ্যেও সেই আশাতেই দিন গুনছে পরিবার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন