Aaj India Desk, নয়াদিল্লি: নেপালের রসুয়া অঞ্চলে ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) পরিস্থিতি এখনও ভয়াবহ। কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক এলাকা কার্যত ধ্বংস হয়ে যায়। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল (Shisir Khanal) জানিয়েছেন, বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর রয়েছে। যদিও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৫ বলে জানা গিয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ।
বানের জেরে কয়েক হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে। প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নাগরিকদের (Indian Nationals) নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। নেপালের বিদেশমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ ভারতীয় এখনও নিখোঁজ। তাঁদের বেশিরভাগই কৈলাস-মানস সরোবর যাত্রায় (Kailash Mansarovar Yatra) গিয়েছিলেন। রসুয়া হয়ে এই পথে ভারত-সহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রীরা যাতায়াত করেন।
বিদেশমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজ ভারতীয়দের সঙ্গে যোগাযোগের জন্য নেপাল সরকার সবরকম চেষ্টা করছে। একই সঙ্গে দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। নদীর জল ও ধ্বংসাবশেষের স্রোতে বহু বাড়ি, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিপর্যয়ের মোট ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ আরও এগোলে মৃত ও নিখোঁজের সংখ্যা সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে।


