Aaj India Desk, কলকাতা : ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি বিতর্কে ওই মহিলা ও বাচ্চাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্বাসন দেওয়ার কথা বলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাদের বাসস্থান দেওয়ার বন্দোবস্ত করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সল্টলেকে ‘জনতার দরবারে’ গিয়ে পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী তাঁর সঙ্গে দেখা করেন। শিশুকে কোলে নিয়ে আসা সীতাদেবীকে শুভেন্দু জানান, তাঁকে আর ফুটপাথে থাকতে হবে না। পুরসভাকে দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।
‘ফুটপাথে আর থাকতে হবে না’
সীতাদেবীর সঙ্গে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর কাছে যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন সীতাদেবী। পরে সাংবাদিকদের শুভেন্দু জানান, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।’’ মুখ্যমন্ত্রীর দাবি, সীতাদেবী তাঁর এবং রাজ্য সরকারের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন।
‘৫০ বছর ধরে ছিলেন, খোঁজ নেননি কেন?’
এই ঘটনাকে কেন্দ্র করে আগের সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে ফুটপাত যে থাকার জায়গা নয়, সেই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছেন, তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল।’’
উল্লেখ্য, দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। সেই সময় বিপদের আশঙ্কা প্রকাশ করে তাঁকে দুধ গরম করতে বাধা দেওয়া হয়। পরে জানা যায়, তাঁর নিজের কোনও বাড়ি বা নির্দিষ্ট থাকার জায়গা নেই। দীর্ঘদিন ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতই তাঁদের ঠিকানা। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গতকাল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন করে তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি তিনি ওই মহিলা ও বাচ্চাকে বাসস্থান দেওয়ার কথাও বলেন। এরপরেই তড়িঘড়ি ব্যবস্থা নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


