কলকাতা: সপ্তাহের শুরুতেই কালীঘাট মন্দির (Kalighat Temple) চত্বর যেন বদলে গেল হাই-সিকিউরিটি জোনে। কালো পোশাকে এনএসজি (NSG) কমান্ডো, থার্মাল স্ক্যানার, 3D ম্যাপিং! সব মিলিয়ে তীব্র কৌতূহল ছড়াল শহরের অন্যতম ব্যস্ত তীর্থক্ষেত্রে। তবে এটি কোনও আতঙ্কের পরিস্থিতি নয়, দর্শনার্থীদের নিরাপত্তা খতিয়ে দেখতে এনএসজি-র পরিকল্পিত মহড়া ও রেইকি।
সোমবার ১৩ সদস্যের একটি এনএসজি দল কলকাতা পুলিশের বিশেষ ইউনিট, এসটিএফ এবং কলকাতা কমান্ডো ইউনিটকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পৌঁছায়। সূত্রের খবর, মন্দির চত্বরের থ্রিডি ইমেজিং, থার্মাল স্ক্যানিং এবং নিরাপত্তা অবকাঠামোর খুঁটিনাটি পর্যালোচনা করা হয়েছে। এনএসজি সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই বিশেষ নজরদারি চলবে।
এদিনের দলে ছিলেন একজন ইউনিট অফিসার, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন প্রশিক্ষিত কমান্ডো। শুধু মহড়াই নয়, মন্দির (Kalighat Temple) কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি পরিস্থিতিতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাও বিস্তারিতভাবে জানতে চেয়েছেন আধিকারিকরা।
উল্লেখ্য, কালীঘাট মন্দিরের Kalighat Temple) নিরাপত্তায় ইতিমধ্যেই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। দর্শনার্থীদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রথমবারের মতো কোনও ধর্মীয় স্থানের জন্য পৃথক পুলিশ ফাঁড়ি গঠন করা হয়েছে। লালবাজারের বক্তব্য, বিপুল ভিড়, গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে সংবেদনশীলতা এবং সম্ভাব্য নাশকতার ঝুঁকি মাথায় রেখেই এই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
হাজার হাজার ভক্তের পদচারণায় মুখর কালীঘাটে তাই এখন একটাই বার্তা, ভক্তির পাশাপাশি নিরাপত্তাতেও কোনও আপস নয়।


