Aaj India Desk, কলকাতা: ফের অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটল শহর ও শহরতলির এলাকায়। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) সংলগ্ন যশোর রোডের কাছে বাঁকড়ায় একটি গাড়ির শো-রুমে (Car Showroom) আচমকাই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল (Fire E)। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৮টি ইঞ্জিন কাজ করে বলে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগণার ডিভিশনাল অফিসার জানান, বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে শো-রুমে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনও ফায়ার সেফটি সিস্টেম চোখে পড়েনি বলেও জানিয়েছেন দমকলের আধিকারিকরা। ফলে শো-রুমে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আদৌ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হতে পারে।
বাঁকড়ার দিক থেকেই কলকাতা বিমানবন্দরের রানওয়েতে বিমান ওঠানামা করে। ফলে শো-রুমে আগুন লাগার পর বিমান পরিষেবায় কোনও সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। তবে এখনও পর্যন্ত বিমান ওঠানামায় কোনওরকম বাধা তৈরি হয়নি বলেই জানা গিয়েছে।
সম্প্রতি কলকাতা ও তারাপীঠের একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। গত ১৯ অগাস্ট ভোররাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর রয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। নিহতদের মধ্যে ছ’জন পুরুষ, দু’জন মহিলা এবং একটি শিশুও ছিল।
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পরই শহর ও রাজ্যের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যেও দীর্ঘদিনের অব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানার বিষয়টি উঠে আসে। অভিযোগ, বহু জায়গায় প্রয়োজনীয় নজরদারি ছাড়াই পরিকাঠামো তৈরি হয়েছে। আবার কোথাও কোথাও বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রেখেই হোটেল ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানো হচ্ছে। এর মধ্যেই বাঁকড়ায় গাড়ির শো-রুমে আগুন এবং সেখানে ফায়ার সেফটি সিস্টেম চোখে না পড়ার ঘটনায় নতুন করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


