Aaj India Desk, কলকাতা: রাজ্যে একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল (Opposition Party) থাকা জরুরি—এমনই মত প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর বক্তব্য, গণতন্ত্রকে (Democracy) সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু সরকার থাকলেই হয় না, সরকারের কাজের সমালোচনা এবং গঠনমূলক বিরোধিতার জন্য শক্তিশালী বিরোধী দলও প্রয়োজন।
শমীকের কথায়, সরকারের ভুল-ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা বিরোধী দলের দায়িত্ব। তাই রাজ্যে এমন একটি বিরোধী শক্তি থাকা দরকার, যারা দায়িত্বশীলভাবে সরকারের সমালোচনা করবে এবং মানুষের কথা তুলে ধরবে।
নিজেদের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গও টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, দীর্ঘ ৭০-৭৫ বছর ধরে তাঁরা বিরোধী রাজনীতি করেছেন। কিন্তু সেই সময়েও দল হারিয়ে যায়নি। মানুষ তাঁদের রাজনৈতিক ভূমিকা মনে রেখেছে বলেই তাঁর দাবি। শমীক বলেন, “৭০-৭৫ বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম। আমাদের দল তো উঠে যায়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা দু’টো আসনও পেয়েছিলাম। …এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে।”
শমীকের এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। তাঁর বক্তব্যকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল (TMC) এবং আইএসএফও (ISF)। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের প্রশ্ন, বিজেপি যে শক্তিশালী বিরোধী দলের কথা বলছে, তারা নিজেরাই কি সেই গণতান্ত্রিক পরিবেশকে মানে? তাঁর অভিযোগ, বিরোধীদের মিছিল, হোর্ডিং এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। ফলে বিজেপি মুখে যে কথা বলছে, বাস্তবে তার সঙ্গে দলের কাজের মিল নেই বলেই দাবি তাঁর।
অন্যদিকে, শমীকের বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে তাঁরও প্রশ্ন, বিজেপির রাজ্য সভাপতি যে তাত্ত্বিক কথা বলছেন, দলের কাজের সঙ্গে তার কতটা মিল রয়েছে? নওশাদের দাবি, শমীক এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু বাস্তবে বিজেপির ভূমিকার সঙ্গে সেই বক্তব্যের যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা নিয়ে শমীকের বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।


