Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে বাংলার শিল্পায়ন নিয়ে বামেদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর অভিযোগ, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য একটি সংস্থা এসেছিল। কিন্তু বামেদের লাল ঝান্ডার আন্দোলনের জেরে সেই সংস্থাকে দেশ ছাড়তে হয়েছিল। আর সেই কারণেই ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ কয়েক দশক পিছিয়ে যায় বলে দাবি প্রধানমন্ত্রীর। একইসঙ্গে কংগ্রেসের দারিদ্র্য দূরীকরণের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
‘লাল ঝান্ডার জেরে পিছিয়ে ভারত?’
শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলার শিল্প পরিস্থিতি এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রসঙ্গ তোলেন তিনি।
মোদীর কথায়, “৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়।” তাঁর দাবি, সেই সময় সংস্থাটিকে কাজ করতে দেওয়া হলে ভারত কয়েক দশক আগেই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে এগিয়ে যেতে পারত।
‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’
আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এই দীর্ঘ সময়ে ভারত প্রযুক্তি ও পরিকাঠামোর ক্ষেত্রে একাধিক পরিবর্তনের সাক্ষী থেকেছে। একসময় গরুর গাড়ির যুগে থাকা দেশ এখন বুলেট ট্রেনের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে চিপ থেকে জাহাজ, সবকিছুই ভারতে তৈরি হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যপূরণে আইআইটি খড়্গপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। পড়ুয়াদেরও প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে নতুন উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
এদিনের বক্তব্যে কংগ্রেসকেও আক্রমণ করেন মোদী (Narendra Modi)। তাঁর অভিযোগ, পাঁচ দশক আগে লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হলেও দারিদ্র্য দূরীকরণে কার্যকর পদক্ষেপের অভাব ছিল। তাঁর দাবি, সেই সময়ের একাধিক নীতিগত সিদ্ধান্ত ফাইলবন্দি হয়েই থেকে গিয়েছিল। এর পালটা হিসেবে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা যোজনার মতো উদ্যোগের উল্লেখ করে দারিদ্র্য দূরীকরণে তাঁর সরকারের পদক্ষেপের ব্যাখ্যা দেন তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শিল্পায়ন এবং বিনিয়োগের প্রশ্ন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। রাজ্যে শিল্পের পিছিয়ে পড়ার জন্য বাম আমলের নীতিকে দায়ী করে আসছে বিজেপি। অন্যদিকে, রাজ্যে নতুন বিনিয়োগ ও শিল্পপ্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি করছে বর্তমান সরকার। এই পরিস্থিতিতে আইআইটি খড়্গপুরের মঞ্চ থেকে মোদীর বক্তব্য বাংলার শিল্পায়ন নিয়ে রাজনৈতিক বিতর্ককে ফের উসকে দিল।


