Aaj India Desk, দক্ষিণ দিনাজপুর: অন্নপূর্ণা যোজনার (Aanapurna Yojona) ৩ হাজার টাকা এখনও অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ-সহ একাধিক এলাকায় বিক্ষোভের (Protest) ছবি সামনে এসেছে। কোথাও প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ, আবার কোথাও রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার বালুরঘাটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে একদল মহিলা প্রথমে SDO অফিসের সামনে জড়ো হন। বিক্ষোভ চলাকালীন অফিসের সামনের নামের ফলক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকি অফিসের গেট লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনাও ঘটে। পরে তাঁরা বালুরঘাট DM অফিসের সামনেও বিক্ষোভ দেখান। প্রশাসনের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন মহিলারা।
ঘটনার জেরে বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। রাস্তা অবরোধের কারণে শহরের ব্যস্ত রাস্তাতেও যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তাঁদের দাবি, কারও স্বামী ছোট ব্যবসা করেন, আবার কারও স্বামী দিনমজুর। পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকা সত্ত্বেও তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। একাধিকবার সরকারি দফতরে গিয়ে আবেদন ও যোগাযোগ করেও শেষ পর্যন্ত টাকা মেলেনি বলে অভিযোগ তাঁদের।
বিক্ষোভকারী লিলি সরকার বলেন, “আমাদের বর IT কর্মী নয়। পরিবারের আয় ১২ লক্ষের কম। কেউ সরকারি চাকরি করেন না। তাহলে কেন বাদ দিল?”এর আগে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) অভিযোগ করেছিলেন, নিচুতলার কিছু সরকারি কর্মীর গাফিলতির কারণেই যোগ্য মহিলারা সমস্যায় পড়ছেন। তাঁর কথায়, “নিচুতলার যাঁরা অফিসার রয়েছেন বিডিও এরা জেনেশুনে বদমাসি করছে। যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য আছে তাঁদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারেবারে বলেছি এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলছেন সেইটাই করতে হবে।”
নবান্নের তরফে জানানো হয়েছিল, অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে অনেকেই এখনও সেই টাকা পাননি। সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা যোগ্য অথচ টাকা পাননি, তাঁদের ফের আবেদন করার সুযোগ দেওয়া হবে।


