Aaj India Desk, মুর্শিদাবাদ: ডোমকলকে (Domkal) ঘিরে নতুন করে নজর কাড়ল সিপিএম (CPM)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) শূন্যে নেমে যাওয়ার পর ২০২৬-এর নির্বাচনে ডোমকলের হাত ধরে বিধানসভায় ফিরে এসেছে বামেরা। এবার সেই ডোমকল থেকেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিল সিপিএম।
ডোমকল বিধানসভা এলাকার মানুষের অভাব-অভিযোগ সরাসরি বিধায়কের কাছে পৌঁছে দিতে চালু করা হয়েছে একটি অনলাইন প্ল্যাটফর্ম (Online Platform)। নাম দেওয়া হয়েছে ‘আমার ডোমকল পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমে এলাকার রাস্তা, পরিষেবা-সহ বিভিন্ন সমস্যার কথা জানানো যাবে বিধায়ক মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ওরফে রানাকে।
মঙ্গলবার ডোমকলে এসে পোর্টালটির উদ্বোধন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim)। তাঁর বক্তব্য, মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করেই এই পরিষেবায় ঢোকা যাবে। শুধু অভিযোগ জানানো নয়, এলাকার বিভিন্ন দাবি-দাওয়াও বিধায়কের কাছে তুলে ধরতে পারবেন বাসিন্দারা। দলীয় পরিচয় এখানে কোনও বাধা হবে না।
সেলিম বলেন, “রাজ্যে প্রথম কোনও বিধানসভায় এমন উদ্যোগ নেওয়া হল। ডোমকলের যে কোনও মানুষ, তিনি যে রাজনৈতিক দলের সমর্থক হোন না কেন, সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। বিধায়ক সেই মতো প্রশাসনকে জানাবে। কারও সমস্যার প্রেক্ষিতে বিধায়ক কী পদক্ষেপ করলেন, সেটাও এই পোর্টালে জানাবেন বিধায়ক। আমরা প্রত্যেক সপ্তাহে নজরদারি চালাব।”
একসময় টানা ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা ২০২১ সালে বিধানসভায় কোনও আসন পায়নি। সেই ‘শূন্য’ অবস্থান নিয়ে গত পাঁচ বছর ধরে বিরোধীদের কটাক্ষও শুনতে হয়েছে। ২০২৬-এর নির্বাচনে ডোমকল থেকে মোস্তাফিজুর রহমান ওরফে রানা জেতার পর সেই ছবিটাই বদলেছে। বিধানসভায় বামেদের একমাত্র বিধায়ক হিসেবে তাঁর গুরুত্বও বেড়েছে দলের অন্দরে।
এবার তাঁর বিধানসভা কেন্দ্রেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের নতুন পদ্ধতি আনল সিপিএম। যদিও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, ডোমকলকে সামনে রেখে কি রাজ্যজুড়ে নতুন করে সংগঠন শক্ত করার বার্তা দিতে চাইছে বামেরা?কারণ, তৃণমূল ও বিজেপির বিভিন্ন জনসংযোগ কর্মসূচির পাশাপাশি এবার সিপিএমও সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার জন্য ডিজিটাল মাধ্যম বেছে নিল। ডোমকলের এই উদ্যোগ আগামী দিনে দলের রাজনৈতিক কৌশলে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে।


