Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও এখনও টাকা পাননি? তাহলে এর পিছনে থাকতে পারে একাধিক কারণ। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, যাঁদের আবেদন ১০ জুলাইয়ের মধ্যে যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ১৭ অগস্ট টাকা পাঠানো হবে। তবে ১০ জুলাইয়ের পরে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকের যাচাই এখনও শেষ হয়নি। সেই কারণেই তাঁদের টাকা পেতে কিছুটা সময় লাগছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে প্রকৃত যোগ্যদের প্রায় ৯০ শতাংশই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
অভিযোগের পর নিয়মে ছাড়
অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পর কিছু নিয়ম শিথিল করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগে ৫০ শতক জমি থাকার যে শর্ত ছিল, তা অধিকাংশ গ্রাম ও পৌরসভা এলাকায় শিথিল করা হয়েছে। তবে কয়েকটি পৌরনিগম এলাকায় এই নিয়ম এখনও কার্যকর রয়েছে। একইভাবে তিন কক্ষের বাড়ি সংক্রান্ত শর্তেও গ্রাম ও ছোট পৌরসভা এলাকায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
ব্যাঙ্কের সমস্যাতেও আটকে টাকা
অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণেও টাকা আটকে রয়েছে। কারও আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, আবার কারও তথ্যের ভুলের কারণে টাকা পাঠানো সম্ভব হয়নি। যোগ্য হয়েও যাঁরা এখনও সুবিধা পাননি, তাঁদের সমস্যার সমাধানের জন্য পরবর্তী সময়ে ফের পোর্টাল খোলা হবে। সেখানে অভিযোগ বা পরামর্শ জানানোর সুযোগ থাকবে।
এদিন আগের তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগের প্রকল্পে বেশ কিছু ভুল ছিল, যা সংশোধন করতে সময় লেগেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই বর্তমান সরকার তথ্য যাচাই করে প্রকৃত যোগ্যদের কাছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে।


