Aaj India Desk, কলকাতা: বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির কার্যপদ্ধতিতে নজরদারি বাড়াতে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন। রক্ত সংগ্রহ থেকে সংরক্ষণ ও বিতরণ প্রতিটি ধাপেই নির্দিষ্ট হবে নতুন নিয়ম।
পশ্চিমবঙ্গ থেকে রক্ত ও প্লাজমা বেআইনিভাবে অন্য রাজ্যে পাচারের অভিযোগ ঘিরে এবার আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির কাজকর্মে স্বচ্ছতা আনা এবং রক্তের অবৈধ লেনদেন বন্ধ করতে রাজ্যের নিজস্ব মানক পরিচালন পদ্ধতি বা SOP (Standard Operating Procedure) তৈরি করা হচ্ছে। এই গাইডলাইন কার্যকর হলে রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রে কী নিয়ম মানতে হবে, তা আরও স্পষ্ট হয়ে যাবে।
অভিযোগের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর
বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ও প্লাজমা বেআইনিভাবে ভিন রাজ্যে পাঠিয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগ সম্প্রতি সামনে আসে। অভিযোগের গুরুত্ব বুঝে বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্যের স্বাস্থ্য দফতর। উদ্দেশ্য একটাই নিয়মের বাইরে গিয়ে যাতে কোনওভাবেই রক্ত বা রক্তের উপাদান রাজ্যের বাইরে পাচার করা না যায়।
SOP তৈরিতে ৭ সদস্যের কমিটি
স্বাস্থ্য ভবনের নির্দেশের পর স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC) নতুন গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে। এই কাজকে এগিয়ে নিয়ে যেতে গঠন করা হয়েছে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি। সরকারি ও বেসরকারি হাসপাতালের হেমাটোলজি বিশেষজ্ঞদের পাশাপাশি কমিটিতে রয়েছেন ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিক এবং বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিরাও।
নতুন SOP-তে রক্ত সংগ্রহ, সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিভিন্ন জায়গায় সরবরাহের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হবে। কোন পরিস্থিতিতে রক্ত বা প্লাজমা স্থানান্তর করা যাবে এবং কোন কাজ নিষিদ্ধ সেগুলিও স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নির্দেশ নিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে কীভাবে প্রশাসনিক পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে NBTC
এদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্তরেও তৎপরতা শুরু হয়েছে। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির কার্যকলাপ নিয়ে অভিযোগ প্রকাশ্যে আসার পর শুক্রবার রাজ্য সরকারের কাছে জবাবদিহি চেয়ে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (NBTC)। দেশে রক্ত সঞ্চালন ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কেন্দ্রীয় সংস্থার।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা পরিস্থিতি খতিয়ে দেখে শীঘ্রই NBTC-র কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে। রাজ্যের নিজস্ব SOP কার্যকর হলে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির উপর নজরদারি আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। একইসঙ্গে রক্ত ও প্লাজমার বেআইনি পাচার বন্ধ করার ক্ষেত্রেও এই নতুন ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


