28 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

গেরুয়া রঙে ক্ষমতার প্রদর্শন? অ্যাকাডেমি বিতর্কে মুখ খুললেন কমলেশ্বর!

Aaj India Desk, কলকাতা : হেরিটেজ স্থাপনার রং বদলে কি কোনও রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করা যায়? কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে গেরুয়া রং করার প্রসঙ্গ ঘিরে চলতে থাকা বিতর্কের মাঝেই এই প্রশ্ন তুললেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। তাঁর বক্তব্য, ক্ষমতা প্রদর্শনের জন্য হেরিটেজ সম্পত্তির বাহ্যিক রং বদলানো অর্থহীন। বরং সংস্কারের প্রয়োজন হলে থিয়েটারের পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া উচিত।

বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রাতারাতি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনের টিকিটের কাউন্টারটির রং বদলে সাদা থেকে গেরুয়া করা হয়েছিল। কিছুদিন সেই রং বদল নিয়ে বিতর্কের পর নাট্যকর্মীরা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাথে দেখা করেন এবং এই বিষয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে গেরুয়া রং সরিয়ে পুনরায় সাদা করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নাট্যকর্মীরা নিজেরাই কাউন্টারের রং পরিবর্তন করেন। এর পরেরদিনই বুধবার বিজেপি কর্মী সহযোগে রুদ্রনীল ঘোষ পাল্টা কাউন্টারটির রং বদলে গেরুয়া করেন এবং জানান, সাদা রং হওয়ার আগে নাকি ফাইন আর্টস এর কাউন্টার গেরুয়া রঙের ছিল।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) মুখ খোলেন। তিনি নিজের সমাজ মাধ্যমে লেখেন, গায়ের জোরে কোনও রাজনৈতিক মত বা দর্শন প্রতিষ্ঠা করা যায় না। রং বদলের পরিবর্তে অ্যাকাডেমির আসল সংস্কার করা উচিত বলে জানিয়েছেন তিনি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সংস্কার প্রয়োজন হলে কোথায় কাজ করা উচিত, তার একটি তালিকাও দিয়েছেন কমলেশ্বর (Kamaleshwar Mukherjee)। তাঁর মতে, ব্যাকস্টেজ, মেকআপ রুম, মঞ্চের বিস্তৃতি, আলো ও শব্দ ব্যবস্থাপনা, অ্যাকিউস্টিক্স, দর্শকাসন, প্রবেশ ও প্রস্থানপথ এবং এয়ার কন্ডিশনিংয়ের মতো বিষয়গুলিতে নজর দেওয়া দরকার।

অ্যাকাডেমির রং বদলের প্রসঙ্গ থেকে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর বক্তব্য, দেশে যখন ক্ষুধা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনস্বাস্থ্য, ওষুধের দাম, শিক্ষা এবং শ্রমিকদের নিরাপত্তার মতো গুরুতর সমস্যা রয়েছে, তখন সেগুলির দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন।কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, নাগরিকদের ভোটাধিকার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার মতো বিষয়গুলি উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, মানুষের জীবন-মরণের সঙ্গে যুক্ত এতগুলি সমস্যা থাকা সত্ত্বেও সরকার কেন সেই বিষয়গুলির দিকে যথেষ্ট নজর দিচ্ছে না?

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলকে ঘিরে বিতর্ক বাড়লেও এখন সরকার কমলেশ্বরের এই প্রশ্নগুলির উত্তর দেয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন