কলকাতা: রবিবার দুপুরে নিহত তৃণমূল কর্মী বিরজুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম হামলার মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর-জুতো-কাদা ছোঁড়ে উত্তেজিত জনতা! ওঠে “চোর চোর”, “ডাকাতরাণী” স্লোগান! এই ঘটনায় মমতা বলেন, ‘আমার মাথা ফেটে যেত! পুলিশের সামনে এমন হামলা আমরা আগে কখনও দেখিনি।’ এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর এহেন হামলার ঘটনায় মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে পাথর, কাদা কিংবা চটি ছোড়ার মতো ঘটনা ঘটলে বিজেপি তা কোনওভাবেই সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শমীক বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কেউ পাথর ছুড়লে, কাদা বা চটি ছুড়লে বিজেপি তার সমর্থন করে না। তাঁর দাবি, এই ঘটনায় কোনও বিজেপি কর্মী জড়িত নন। একইসঙ্গে এমন আচরণ যে বাংলার রাজনৈতিক সংস্কৃতির জন্যও ক্ষতিকর, সেটিও স্পষ্ট করে দেন তিনি।
X link: https://x.com/ANI/status/2086401972702507371
শমীকের (Samik Bhattacharya) কথায়, রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে এমন আচরণ হওয়া কাম্য নয়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাই ঘটনার তীব্র নিন্দা জানায় বিজেপি! এমনটাই বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তবে এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন। বিজেপি যখন নিজেদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ সরাসরি খারিজ করছে, তখন হামলার নেপথ্যে কারা ছিল? সত্যিই কি হামলা হয়ে থাকলে পুলিশ কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে?
শমীক (Samik Bhattacharya) আরও বলেন, ঘটনাটি সত্যি হয়ে থাকলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে থাকা পুলিশ দ্রুত পদক্ষেপ করবে। ফলে বিজেপির নিন্দার পাশাপাশি পুলিশের সম্ভাব্য তদন্ত নিয়েও জল্পনা শুরু হয়েছে।
মমতার (Mamata Banerjee) গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপে। অভিযোগের সত্যতা, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার নেপথ্যের কারণ, এই তিন প্রশ্নের উত্তরই আপাতত রাজনৈতিক মহলের কৌতূহলের কেন্দ্রে।


