Aaj lndia Desk,কলকাতা: একাধিক মামলায় আইনি জটিলতায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধেও মামলা হয়েছে। এর মধ্যেই ডায়মন্ডহারবারের সেবাশ্রয় কর্মসূচি ঘিরে তদন্তে নতুন করে সামনে এল এক চিকিৎসকের নাম। বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসক রাজীব বিশ্বাসকে।
কে এই রাজীব বিশ্বাস?
রাজীব বিশ্বাস শুধু চিকিৎসক নন, রাজনীতির ময়দানেও তাঁর পরিচিতি রয়েছে। গত বিধানসভা নির্বাচনে হরিণঘাটা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। এর আগে ডায়মন্ডহারবার হাসপাতালের RMO (Resident Medical Officer) পদেও দায়িত্ব সামলেছেন রাজীব। সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেই জানা গিয়েছে।
নির্বাচনী প্রচারেও রাজীবকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন অভিষেক। গত ২৭ এপ্রিল হরিণঘাটায় প্রচারের একটি সভায় রাজীবের হাত তুলে ধরে অভিষেক তাঁকে দীর্ঘদিনের সতীর্থ হিসেবে পরিচয় করিয়ে দেন। মানুষের জন্য কাজ করতে রাজীব চিকিৎসকের চাকরি এবং উপার্জনের সুযোগ ছেড়ে রাজনীতিতে এসেছেন বলেও দাবি করেছিলেন তিনি।
সেবাশ্রয় ক্যাম্পে কী ভূমিকা ছিল রাজীবের?
সেবাশ্রয় কর্মসূচিকে ঘিরে যে অভিযোগগুলি সামনে এসেছে, তদন্তকারীদের নজর এখন সেই সূত্র ধরেই রাজীব বিশ্বাসের দিকে। অভিযোগ, ক্যাম্পগুলিতে জুনিয়র ডাক্তার, মেডিক্যাল পড়ুয়া, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসক-সহ বিভিন্ন ধরনের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী জোগাড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
তদন্তে আরও অভিযোগ উঠেছে, সেবাশ্রয় ক্যাম্পে কিছু চিকিৎসক রোগীদের প্রেসক্রিপশন করলেও তাঁদের অনেকের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছিল না। ফলে সেই প্রেসক্রিপশনের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলিই খতিয়ে দেখতে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ।
কোন মামলায় উঠল রাজীবের নাম?
ডায়মন্ডহারবার পুলিশ জেলায় সেবাশ্রয় সংক্রান্ত একাধিক মামলা হয়েছে। এর মধ্যে সুখদেব দাস নামে এক ব্যক্তি একটি মামলা দায়ের করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তেই রাজীব বিশ্বাসের নাম সামনে আসে বলে জানা যাচ্ছে।
এখন তদন্তকারীদের প্রশ্ন, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে রাজীবের ঠিক কী ভূমিকা ছিল এবং অভিযোগ ওঠা চিকিৎসা পরিষেবার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ ছিল কি না। বুধবারের জিজ্ঞাসাবাদে সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা হতে পারে।


