নয়াদিল্লি: পাকিস্তান প্রসঙ্গে এবার কি কিছুটা ভিন্ন সুর শোনা গেল আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) গলায়? তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। ভাগবতের স্পষ্ট বার্তা, সংঘাতের অবসান ঘটিয়ে বৃহত্তর মানবজাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পথে এগোতে হবে। কোনও দেশের সঙ্গে সংঘাত তৈরি হলে সাময়িকভাবে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু সেই ক্ষোভকে চিরস্থায়ী শত্রুতা বা বিচ্ছেদে পরিণত করা উচিত নয় বলেই মত তাঁর (Mohan Bhagwat)।
পাকিস্তান প্রসঙ্গে আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সংঘপ্রধান (Mohan Bhagwat) । তাঁর বক্তব্য, “পাকিস্তান তো ভারতেরই অংশ ছিল। তাই আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।” স্বাভাবিকভাবেই এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, পাকিস্তান নিয়ে কি দীর্ঘমেয়াদি কোনও ভিন্ন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছেন ভাগবত? কারণ, কেন্দ্রের বর্তমান অবস্থানের সঙ্গে এই সুরের বেশ কিছুটা পার্থক্য চোখে পড়ে। মোদী সরকারের দীর্ঘদিনের অবস্থান, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পুলওয়ামা, পাঠানকোট থেকে পহেলগাঁও, একাধিক সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে দিল্লি বরাবরই কঠোর অবস্থান নিয়েছে।
সেখানেই ভাগবতের (Mohan Bhagwat) বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করছে। তাঁর বক্তব্য কি শুধুই দীর্ঘমেয়াদি শান্তি ও সহাবস্থানের একটি নীতিগত অবস্থান? নাকি ভবিষ্যতের জন্য কোনও বৃহত্তর রাজনৈতিক বার্তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, সংঘের এই অবস্থান কি আগামী দিনে কেন্দ্রের পাকিস্তান নীতিতেও কোনও প্রভাব ফেলতে পারে? নাকি মোদী সরকারের ‘সন্ত্রাসের আগে আলোচনা নয়’ নীতিই বহাল থাকবে? ভাগবতের মন্তব্যের পর আপাতত সেই উত্তর নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।


