Aaj India Desk, কলকাতা : আগামী ১০ই আগস্ট সোমবার দুপুর তিনটে থেকে কলকাতার রাস্তায় শুরু হতে চলেছে মেগা র্যালি। ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে এই মেগা র্যালি বা তিরঙ্গা যাত্রা (Tiranga Yatra) শুরু হবে। তার জেরে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা চলায় ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত এলাকায় যান চলাচল স্তব্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
কোন কোন রাস্তা বন্ধ ?
ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী, মূলত ময়দান ও মধ্য কলকাতা সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে। মূলত কিংসওয়ে, আর আর অ্যাভেনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভেনিউ – এই ১১ টি রাস্তায় যান চলাচল স্তব্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী এই রাস্তাগুলির সংযোগকারী পথেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে সোমবার সকাল থেকেই ধর্মতলা, ময়দান ও রেড রোড এলাকায় ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে।
পণ্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা
তিরঙ্গা যাত্রার (Tiranga Yatra) কারণে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোডের লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত অংশ, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডের রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত অংশে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এ ছাড়াও সিআর অ্যাভেনিউয়ের জি সি অ্যাভেনিউ থেকে দক্ষিণমুখী অংশ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভেনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত অংশে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
একাধিক রাস্তায় সম্পূর্ণ নিষিদ্ধ পার্কিং
১০ অগস্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন পার্কিংয়েরও অনুমতি থাকবে না। এই তালিকায় রয়েছে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভেনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভেনিউ। ফলে ওই রাস্তাগুলিতে গাড়ি নিয়ে বেরোলে আগে থেকেই পার্কিং সংক্রান্ত বিধিনিষেধ মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কয়েক ধরনের পণ্যবাহী যানকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রল ও অন্যান্য তেলবাহী ট্যাঙ্কার, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যান নিয়ম মেনে চলাচল করতে পারবে। যাঁদের ওই এলাকার মধ্য দিয়ে যাতায়াত করতে হবে, তাঁদের রাস্তায় বেরোনোর আগে কলকাতা ট্র্যাফিক পরিস্থিতি এবং বিকল্প রুট সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্র্যাফিক পুলিশ।


