Aaj India Desk, কলকাতা: বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari)-উপভোক্তা তালিকায় অনিয়মের অভিযোগ সামনে আসতেই এবার কঠোর পদক্ষেপের কথা জানাল রাজ্য সরকার। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh )-স্পষ্ট জানিয়েছেন, যাঁরা নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের টাকা নিয়েছেন, তাঁদের কাছ থেকে সেই অর্থ ফেরত নেওয়া হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবার যাতে কোনওভাবেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
আগের তালিকায় কতজন ছিলেন? কী জানাল সরকার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রকল্পের বর্তমান পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে প্রায় ৩০ লক্ষ পরিবারের নাম আবাস প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে প্রায় ১২ লক্ষ উপভোক্তা সম্পূর্ণ আর্থিক সহায়তা পেয়েছেন এবং প্রায় ১ লক্ষ ২০ হাজার বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছে।
অন্যদিকে, আরও প্রায় ১৮ লক্ষ পরিবারের ক্ষেত্রে প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল। ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথম দফায় ৬০ হাজার টাকা দেওয়া হলেও এরপর প্রায় আট মাস কোনও অর্থ মেলেনি। ফলে বহু বাড়ির কাজ মাঝপথে থেমে যায়।
দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন কারা?
সরকার জানিয়েছে, বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রায় ৮ লক্ষ বাড়ির ক্ষেত্রে এখনও যাচাই-বাছাই চলছে। সংশ্লিষ্ট রিপোর্ট হাতে এলেই তাঁদের ক্ষেত্রেও পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
১২ হাজার অযোগ্য উপভোক্তার বিরুদ্ধে ব্যবস্থা
দিলীপ ঘোষ জানান, তদন্তে প্রায় ১২ হাজার ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তাঁদের কাছ থেকে সরকারি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার ব্যক্তির কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং বাকিদের নোটিস পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
SIR তালিকার তথ্যও তুলে ধরলেন মন্ত্রী
সাংবাদিক বৈঠকে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গও উল্লেখ করেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর দাবি, SIR-এ বাদ পড়া প্রায় ৯১ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৫৭ হাজার ব্যক্তি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা প্রকল্পের যোগ্যতার মানদণ্ড পূরণ করেন না, তাঁদের বর্তমান উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়া হবে। সরকারের বক্তব্য, একদিকে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে প্রকৃত দরিদ্র পরিবারের প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।


