কলকাতা: ২০১৬ সালের নিয়োগ নিয়ে যে জট তৈরি হয়েছে, তা কি শেষ পর্যন্ত ২০২৫-এর বিধিতেই কাটবে? ২০১৬ সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েনের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানিতে রাজ্যের তরফে জানানো হল, পরবর্তী নিয়োগ ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই করা হবে। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও আদালতে স্পষ্ট করেন সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগের সম্পূর্ণ প্যানেল আদালতের নির্দেশে বাতিল হয়েছিল। নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। সেই পরিস্থিতিতে মামলাকারীদের একাংশের বক্তব্য ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া হলে সেই সময়কার নিয়ম মেনেই করতে হবে। পরবর্তী সময়ে নতুন নিয়ম তৈরি করে পুরনো নিয়োগ প্রক্রিয়ায় তা প্রয়োগ করা যায় কি না, তা নিয়েই তৈরি হয় আইনি প্রশ্ন। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর এই বিষয়ে এসএসসির (SSC) অবস্থান জানতে চেয়েছিল হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সিনহার এজলাসে সেই অবস্থানই স্পষ্ট করল কমিশন।
‘জিরো টলারেন্স’, নতুন নিয়মেই দ্বিতীয় এসএলএসটি
(SLST) আদালতে রাজ্যের বক্তব্য, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। পরবর্তী নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে ২০২৫ সালের নতুন নিয়ম অনুসরণ করা হবে। অর্থাৎ, দ্বিতীয় এসএলএসটি (SLST) নিয়োগের ক্ষেত্রে পুরনো বিধির বদলে বর্তমানে কার্যকর নিয়মকেই ভিত্তি করা হবে। এমনটাই আদালতে জানানো হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। শুনানিতে উঠে এসেছে ওবিসি সংরক্ষণের বিষয়টিও।
১৭ শতাংশ থেকে ৭ শতাংশ! সংরক্ষণে বদল, প্রভাব পড়বে নিয়োগেও?
প্রসঙ্গত, একসময় ওবিসি শ্রেণির জন্য ১৭ শতাংশ আসন সংরক্ষণের কথা ছিল। ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের প্রসঙ্গও শুনানিতে উঠে আসে। বর্তমানে নতুন নিয়ম কার্যকর হওয়ায় সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হয়েছে।
বিচারপতি সিনহা স্পষ্ট করে দেন, নতুন নিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তিত সংরক্ষণ ব্যবস্থাকেও বিবেচনায় রাখতে হবে। ফলে নিয়োগের মেধাতালিকা তৈরি থেকে শুরু করে আসন বিন্যাস, সব ক্ষেত্রেই রাজ্য সরকার ও এসএসসিকে সমন্বয় করে এগোতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। এখন নজর পরবর্তী শুনানির দিকে। আগামী ২১ অগস্ট মামলাটির পরবর্তী শুনানি হতে পারে।
২০১৬-র নিয়োগ, ২০২৫-এর নিয়ম, আর তার সঙ্গে বদলে যাওয়া ওবিসি সংরক্ষণ, তিনটি হিসাব একসঙ্গে মেলাতে হবে এসএসসিকে (SSC)। তাহলে শেষ পর্যন্ত পুরনো নিয়োগের জট কাটাতে ২০১৬-র নিয়মই ফিরবে, নাকি ২০২৫-এর বিধিতেই খুলবে চাকরির নতুন দরজা?


