30.8 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

বিজেপি সভাপতি নীতিন নবীন-এর খাস গড়ে ধাক্কা! প্রশান্ত কিশোরের জয়ে বদলের বার্তা?

Aaj India Desk, পাটনা: শুধু বিহারের রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন জন সুরজ-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিহারের গুরুত্বপূর্ণ বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে (Bankipur by Election) বিজেপি প্রার্থী নীরজ কুমারকে প্রায় ১৯ হাজার ভোটে হারিয়ে বড় জয় পেলেন তিনি।

সাধারণত উপনির্বাচনে ক্ষমতাসীন দল বা জোটের প্রার্থীই সুবিধাজনক অবস্থানে থাকে। তার উপর বাঁকিপুর ছিল বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। এই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nobin)। তিনি দলীয় দায়িত্ব নেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। সেই আসনেই বিজেপির হার স্বাভাবিকভাবেই দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র এক বছরের মধ্যে এই কেন্দ্রের ভোটের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নিতিন নবীন প্রায় ৫১ হাজার ৯৩৬ ভোটে জিতেছিলেন। তখন আরজেডি প্রার্থী রেখা কুমারী দ্বিতীয় এবং প্রশান্ত কিশোরের জন সুরজ মাত্র ৭ হাজার ৭১৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল। কিন্তু এবার সেই জন সুরজই প্রথম স্থানে উঠে এসে জয় ছিনিয়ে নিল। একই সঙ্গে আরজেডিকেও পিছনে ফেলে বিহারে বিজেপি তথা এনডিএ-র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রশান্ত কিশোর নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করলেন।

এদিকে, বাঁকিপুরের পাশাপাশি মধ্যপ্রদেশ ও গুজরাটের আরও দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারিকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং। অন্যদিকে, গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রেই একমাত্র স্বস্তি পেয়েছে বিজেপি। সেখানে কংগ্রেস প্রার্থীকে ৩০ হাজার ৬৩০ ভোটে হারিয়ে আসনটি ধরে রেখেছেন বিজেপির সত্যেন্দ্রভাই প্যাটেল।

এই তিনটি উপনির্বাচন এমন সময়ে হল, যখন প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে দেশজুড়ে ছাত্র-যুবদের আন্দোলন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কিছু ক্ষেত্রে তরুণ ভোটারদের ক্ষোভের প্রভাব এই ফলাফলে দেখা যেতে পারে।

তবে শুধুমাত্র তিনটি কেন্দ্রের ফল দেখে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিচার করা ঠিক হবে না। স্থানীয় প্রার্থী, সংগঠনের শক্তি, আঞ্চলিক সমীকরণ এবং বিভিন্ন স্থানীয় ইস্যুও ভোটের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পরেও বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত বাঁকিপুরে প্রশান্ত কিশোরের এই জয় বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও এই ফল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন