30.8 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

কলকাতায় বিষ্ণোই গ্যাংয়ের ছায়া! ৫ কোটি না দিলে প্রাণনাশের হুমকি!

কলকাতা: এবার কি কলকাতাতেও ছড়াতে শুরু করল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) ত্রাস? ভবানীপুরের এক ব্যবসায়ীকে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। টাকা না দিলে শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের শরৎ বোস রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, গত ৩০ জুন প্রথম একটি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) সদস্য পরিচয় দিয়ে ৫ কোটি টাকা দাবি করা হয়। এরপর প্রায় এক মাস ধরে একাধিক আন্তর্জাতিক নম্বর থেকে ক্রমাগত ফোন এবং ভয়েস মেসেজ পাঠানো হয়।

অভিযোগ, শেষ পর্যন্ত টাকা না দিলে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই মামলার তদন্তভার পুলিশের বিশেষ তদন্তকারী ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ফোন ও ভয়েস মেসেজ সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) নেটওয়ার্ক থেকে এসেছে, নাকি কুখ্যাত গ্যাংয়ের নাম ভাঙিয়ে অন্য কোনও তোলাবাজ চক্র এই হুমকি দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তোলাবাজির একাধিক অভিযোগ সামনে এসেছে। গত বছর মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল লরেন্স বিষ্ণোইয়ের (Bishnoi gang) ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রারের নাম করে কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে ১ কোটি টাকা দাবি করার। ফলে ভবানীপুরের এই ঘটনায়ও একই ধরনের প্রতারণা, নাকি সত্যিই কুখ্যাত গ্যাংয়ের ছায়া রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলে বন্দি থাকলেও, তদন্তকারী সংস্থাগুলির দাবি তাঁর অপরাধচক্র এখনও সক্রিয়। খুন, তোলাবাজি, অস্ত্র পাচার এবং আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ রয়েছে বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে। তাই কলকাতার এই অভিযোগকে ঘিরে পুলিশও কোনও ঝুঁকি নিতে চাইছে না। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে, শহরে বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) ছায়া সত্যিই পড়েছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও অপরাধচক্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন