Aaj lndia Desk,হুগলি: নিমন্ত্রণ পেয়েও বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যাননি? তাহলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। শুধু জরিমানা দিলেই হবে না, বাড়িতে গিয়ে আশীর্বাদও করে আসতে হবে। এমনই অভিনব বার্তা-সহ একটি পোস্টার ঘিরে এখন তুমুল চর্চা হুগলির চুঁচুড়ায়। শহরের বিভিন্ন জায়গায় লাগানো সেই পোস্টারের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মী সুখেন ঘোষ গত ২৯ জুলাই নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী-সহ বহু পরিচিত মানুষকে তিনি নিমন্ত্রণ করেছিলেন। অতিথিদের জন্য ছিল বিশেষ ভোজের ব্যবস্থাও।
কিন্তু নিমন্ত্রণপত্র পাওয়ার পরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হননি। ফলে প্রচুর খাবার নষ্ট হয় বলে অভিযোগ। সেই অভিমান থেকেই শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগান সুখেন ঘোষ। পোস্টারে লেখা হয়েছে, যাঁরা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে আসেননি, তাঁদের ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি বাড়িতে গিয়ে দম্পতিকে আশীর্বাদ করার কথাও উল্লেখ করা হয়েছে।
ঘটনায় আরও একটি তথ্য সামনে এসেছে। সুখেন ঘোষ নাকি এক পরিচিত ব্যক্তিকে অনুষ্ঠানে আসার জন্য চুল-দাড়ি কাটানোর খরচ বাবদ আগেই ২০০ টাকা দিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তিও অনুষ্ঠানে আসেননি। পরে সেই ২০০ টাকা ফেরতও চেয়েছেন তিনি।
পুরসভার কর্মী হিসেবে সুখেন ঘোষকে অনেকেই শান্ত ও ভদ্র মানুষ হিসেবেই চেনেন। সহকর্মীদের দাবি, এর আগে কোনও বিতর্কে তাঁর নাম জড়ায়নি। তাই তাঁর এমন পদক্ষেপে অনেকেই বিস্মিত। পুরসভার এক ইঞ্জিনিয়ারের কথায়, “উনি খুব ভালো মানুষ। হঠাৎ কেন এমন পোস্টার দিলেন, তা বুঝতে পারছি না।”
তবে আমন্ত্রিতদের একাংশ বিষয়টিকে হাসি-মজার ছলেই দেখছেন। তাঁদের বক্তব্য, নিমন্ত্রণ পেলে অনুষ্ঠানে যাওয়া শোভনীয় হলেও, না যাওয়ার জন্য অতিথিদের কাছে জরিমানা দাবি করার ঘটনা কার্যত নজিরবিহীন। আর সেই কারণেই সুখেন ঘোষের এই অভিনব পোস্টার এখন চুঁচুড়ার ‘টক অফ দ্য টাউন’।


