Aaj lndia Desk, নয়াদিল্লি: দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)- কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল ১৫ বছরের এক কিশোরী। ঘটনার পর প্রকাশ্যে দু’বার ক্ষমা চাওয়ার পর এবার প্রধানমন্ত্রীর ক্ষমার বার্তার প্রতিক্রিয়ায় প্রথমবার মুখ খুলল সে। কিশোরীর কথায়, প্রধানমন্ত্রী তাঁকে ক্ষমা করবেন, এমনটা সে কখনও ভাবেনি। তাঁর এই বার্তা যেন নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে।
কিশোরীর দাবি, ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেনি সে। যন্তর-মন্তরের বিক্ষোভস্থলে উপস্থিত কয়েক জনের কথাবার্তা ও পরিবেশের প্রভাবেই এমনটা হয়েছিল। তার বক্তব্য, ২৩ জুলাই বন্ধুদের সঙ্গে কনট প্লেসে ঘুরতে গিয়ে কৌতূহলবশত বিক্ষোভস্থলে পৌঁছয় তারা। সেখানে কয়েক জন ইউটিউবার ও বিভিন্ন সংগঠনের সদস্য উপস্থিত মানুষদের হাতে মাইক্রোফোন দিয়ে মতামত জানাতে বলছিলেন। সেই সময় কী বলা উচিত, তা নিয়েই সে অন্যদের কাছে জানতে চেয়েছিল বলে দাবি করেছে।
তবে এই বক্তব্য সম্পূর্ণ কিশোরীর দাবি। ঘটনার তদন্ত এখনও চলছে এবং তার বক্তব্যের স্বাধীন যাচাই হয়নি।
এদিকে কিশোরীর পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে তারা লাগাতার হুমকি পাচ্ছে। পাশাপাশি, কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এখনও প্রত্যাহার করা হয়নি বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে কিশোরীর মা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, মেয়ের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হোক, পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক এবং থাকার জন্য একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করা হোক। আবেগঘন বার্তায় তিনি এমনও বলেছেন, প্রয়োজনে তাঁর মেয়েকে প্রধানমন্ত্রীর সুরক্ষার আওতায় নেওয়া হোক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে করা মন্তব্যকে নিজের জীবনের “প্রথম ও শেষ ভুল” বলে আগেই স্বীকার করেছিল ওই কিশোরী। এরপর প্রধানমন্ত্রীর ক্ষমার বার্তাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক আলোচনা।


