26.5 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

প্রথম দিনেই নবান্নে এলো ২ হাজার অভিযোগ! কাটমানি, ভাতা থেকে রাস্তা, বাদ গেলনা জল জমার সমস্যাও

Aaj India Desk, হাওড়া: দুর্নীতি এবং বিভিন্ন ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণ করতে সম্প্রতি টোল-ফ্রি হেল্পলাইন (Toll-Free Helpline) চালু করেছে রাজ্য সরকার। বুধবার থেকে পরিষেবা শুরু হতেই ব্যাপক সাড়া মিলেছে। নবান্ন সূত্রের খবর, প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে। শুধু কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় বা অবৈধ মদের ব্যবসা নয়, হেল্পলাইনে জমা পড়েছে আরও নানা ধরনের অভিযোগ। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যা, জমি-বাড়ির বিবাদ, ভাঙাচোরা রাস্তা, নিকাশি ব্যবস্থার ত্রুটি এবং জল জমার মতো নাগরিক সমস্যার কথাও জানিয়েছেন বহু মানুষ।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কন্ট্রোল রুমে (Control Room) আসা প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হচ্ছে। বিশেষ করে যে চারটি বিষয়ে আলাদা হেল্পলাইন চালু হয়েছে, সেগুলির অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের স্বচ্ছতা বাড়ানো এবং মানুষের অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যে মঙ্গলবার ভবানীভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চারটি টোল-ফ্রি নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেটের বিরুদ্ধে ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের কারবারের অভিযোগ জানাতে ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। নবান্নে তৈরি হওয়া বিশেষ কন্ট্রোল রুম মুখ্যমন্ত্রী নিজেও নিয়মিত পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসন স্পষ্ট করেছে, মিথ্যা বা ব্যক্তিগত প্রতিহিংসার উদ্দেশ্যে অভিযোগ করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন কল রেকর্ড করে রাখা হবে। প্রয়োজনে ভবিষ্যতে সেই রেকর্ড পুনরায় ব্যবহার করা যাবে। অভিযোগগুলির প্রাথমিক বাছাইয়ের কাজে কৃত্রিম মেধা (AI) ব্যবহার করা যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এরপর পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এছাড়া নির্দিষ্ট সময় অন্তর কতগুলি অভিযোগ জমা পড়েছে, কতগুলি সমস্যার সমাধান হয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট নিয়মিত মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন