কলকাতা: মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৮-৯ মাসের মধ্যে পুনরায় যাত্রী পরিষেবা চালু হবে কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে মেট্রোর ব্লু-লাইনে। কিন্তু একবছর পেরিয়ে গেলেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত! অতিরিক্ত রিকশো-অটো ভাড়া ব্যয় করে কবি সুভাষের যাত্রীদের এখনও শহীদ ক্ষুদিরাম থেকে ব্লু লাইনের মেট্রো ধরতে হচ্ছে।
২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ (Kavi Subhash Metro) স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে বড়সড় ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার স্বার্থে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই চলছে সংস্কারের কাজ। তবে সেই কাজ এখনও শেষ হয়নি। ফলে নিউ গড়িয়া ও সংলগ্ন এলাকার হাজার হাজার নিত্যযাত্রীকে এখনও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ধরতে হচ্ছে।
প্রথমদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, সংস্কারের কাজ শেষ করতে প্রায় আট থেকে নয় মাস সময় লাগবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি স্টেশনটি। ইতিমধ্যেই নতুন নকশা অনুযায়ী স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্মের নির্মাণকাজও জোরকদমে চলছে।
কিন্তু, সংস্কারের কাজ সম্পূর্ণ করে পুনরায় ট্রেন পরিষেবা চালু করতে এখনও আরও প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। সেই হিসেবে ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে কবি সুভাষ স্টেশন (Kavi Subhash Metro) থেকে মেট্রো চলাচল শুরুর সম্ভাবনা খুবই কম, বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।
এদিকে, স্টেশনটি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরেই যাত্রীদের অতিরিক্ত পথ পাড়ি দিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে অফিসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সংস্কারের কাজ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই স্টেশনটি ফের চালু করা হবে।


