29.2 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

ইসকনের নিরামিষ মেনুতে বিতর্ক! শেষমেশ ডিম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: মিড ডে মিলের (Mid-day meal) দায়িত্ব ইসকনের (ISKCON) হাতে দেওয়া নিয়ে তোলপাড় রাজ্য। পড়ুয়াদের প্রোটিন নিয়ে বিতর্ক তুঙ্গে। এই আবহে মিড ডে মিলে ডিম বিতর্কে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন সভাঘর থেকে তিনি জানান, ১ অগাস্ট থেকে ইসকন নিরামিষ ও সাত্ত্বিক খাবার সরবরাহ শুরু করলেও ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা করবে রাজ্য সরকার।

সম্প্রতি সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পাওয়ার পর ইসকন জানিয়েছিল, তাদের পরিবেশিত খাবারে ডিম থাকবে না। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, এতে পড়ুয়ারা প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস থেকে বঞ্চিত হবে কি না। সেই বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, ইসকনের খাবারের পাশাপাশি ছাত্রছাত্রীরা ডিমও পাবে।

মুখ্যমন্ত্রী বলেন, “১ অগাস্ট থেকে নিরামিষ, সাত্ত্বিক আহার দেবে ইসকন (ISKCON) । তবে ইসকনের খাবারের পাশাপাশি স্কুলগুলিতে মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়া হবে পড়ুয়াদের।” তিনি আরও জানান, ডিম রান্না ও বিতরণের দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তুলে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন ইসকনের নিরামিষ মেনু বজায় থাকবে, অন্যদিকে ছাত্রছাত্রীদের পুষ্টির দিকটিও নিশ্চিত করা হবে বলে সরকারের দাবি।

শুভেন্দু বলেন, এতদিন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য বরাদ্দে যে বৈষম্য ছিল, তা এবার দূর করা হয়েছে। আগে উচ্চ প্রাথমিক ও হাই স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিল (Mid-day meal) বাবদ বরাদ্দ ছিল মাথাপিছু ১০ টাকা, যেখানে প্রাথমিক স্তরে বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রেও মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল (Mid-day meal) সরবরাহের দায়িত্ব আগেই ইসকনকে (ISKCON) দিয়েছে রাজ্য সরকার। আগামী ১ অগাস্ট থেকে সেই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রথম পর্যায়ে কলকাতার একাংশের সরকারি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি চালু করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন