29.2 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

হট্টগোলের মধ্যেই ভোটাভুটি! লোকসভায় পাশ হল প্রশ্নফাঁস বিরোধী বিল

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মধ্যেই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল (Anti-Paper Leak Bill)। সোমবার সংসদে বিলটি পেশ করা হয়েছিল। দু’দিন ধরে আলোচনার পর বুধবার নিম্নকক্ষে বিলটি অনুমোদন পায়। এখন তা রাজ্যসভায় পেশ করা হবে।

বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দেওয়া উচিত। তবে ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় উপস্থিত ছিলেন না। এরপর ধ্বনি ভোটে বিল (Anti-Paper Leak Bill) পাশের প্রক্রিয়া শুরু হলে বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন। তাঁদের অনুপস্থিতিতেই বিলটি গৃহীত হয়।

আলোচনার সময় বিরোধীদের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই গুরুত্বপূর্ণ বিল (Anti-Paper Leak Bill) নিয়ে বক্তব্য রাখা উচিত। যদিও তিনি আলোচনায় অংশ নেননি। প্রসঙ্গত, গত ৩ মে অনুষ্ঠিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (NEET) পর প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। পরে পরীক্ষাটি বাতিল করে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁসের ঘটনাকে “ঘোর পাপ” বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এরপরই প্রশ্নফাঁস রোধে বিদ্যমান আইনে সংশোধন (Anti-Paper Leak Bill) আনার উদ্যোগ নেয় কেন্দ্র। সংশোধনী বিলে পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আরও কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। বিল অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানার বিধান থাকবে।

পরীক্ষা পরিচালনাকারী কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের আধিকারিকদের দোষ প্রমাণিত হলে তাঁদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার বিলটি (Anti-Paper Leak Bill) লোকসভায় পেশ করেছিলেন। মাত্র দু’দিনের আলোচনার পর তা নিম্নকক্ষে পাশ হল। এখন রাজ্যসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি মিললেই সংশোধিত আইন কার্যকর হওয়ার পথ প্রশস্ত হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন