Aaj India Desk, কলকাতা : স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) কর্মী ও আধিকারিকদের বদলি নীতিতে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও কর্মী বা আধিকারিক সাধারণভাবে নিজের জেলায় পোস্টিং পাবেন না। পাশাপাশি, একই পদে টানা তিন বছর পূর্ণ হলে বদলির বিষয়টি বিবেচনা করতে হবে এবং কোনওভাবেই চার বছরের বেশি একই পদে রাখা যাবে না। প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশিকা মেনে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর।
স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ পরিস্থিতিতে কোনও কর্মী বা আধিকারিককে তাঁর নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের আগের শেষ দু’বছরে প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করে এই নিয়মে শিথিলতা আনা যেতে পারে। দীর্ঘদিন একই পদে কর্মরত থাকার প্রবণতা রুখতেই নতুন বদলি নীতি কার্যকর করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও কর্মী বা আধিকারিক একই পদে টানা তিন বছর পূর্ণ করলে তাঁর বদলির বিষয়টি বিবেচনা করতে হবে। কোনও অবস্থাতেই চার বছরের বেশি একই পদে রাখা যাবে না।
রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং অন্যান্য সংবেদনশীল ফিল্ড পোস্টিংয়ের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম আনা হয়েছে। এই ধরনের দায়িত্বে থাকা কর্মীদের দু’বছর পূর্ণ হলেই বদলির প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হয়েছে। তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, আয়ুষ, হোমিওপ্যাথি, ড্রাগ কন্ট্রোল-সহ স্বাস্থ্য দপ্তরের সমস্ত শাখায় এই বদলি নীতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রশাসনিক প্রয়োজন বা ব্যতিক্রমী পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম শিথিল করতে পারবেন। প্রশাসনিক মহলের একাংশের মতে, দীর্ঘদিন একই পদে কর্মরত থাকলে প্রশাসনিক স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত বদলির ফলে কাজের গতি বাড়বে, স্বচ্ছতা বজায় থাকবে এবং স্বজনপোষণ বা অনিয়মের সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে।


