Aaj India Desk, নয়াদিল্লি: নিট (NEET) ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের (Dharmendra Pradhan Resigned) পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। কিন্তু দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার সংসদ চত্বরে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন লোকসভার দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, “যাঁরা ধর্ষকদের রক্ষা করেন, তাঁদের চেয়ে নোংরা আর কেউ হতে পারে না। আর সেই মানুষকেই দেশের শিক্ষামন্ত্রী করা হয়েছে।”
এই মন্তব্যের পেছনে রয়েছে ২০২২ সালের বহুচর্চিত বিলকিস বানো গণধর্ষণ মামলা। সেই সময় গুজরাত সরকার মামলার ১১ জন দোষীকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে, প্রহ্লাদ জোশী প্রকাশ্যে সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। পরে অবশ্য সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং সব দোষীকে ফের জেলে পাঠানোর নির্দেশ দেয়।
সংসদের বাইরে রাহুল গান্ধী আরও বলেন, “দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে, অথচ প্রধানমন্ত্রী এমন একজনকে শিক্ষামন্ত্রী করেছেন যিনি ধর্ষকদের পক্ষ নিয়েছিলেন। মন্ত্রিসভায় কি আর কোনও যোগ্য ব্যক্তি ছিলেন না?” রাহুলের পাশাপাশি প্রিয়ঙ্কা গান্ধীও বিষয়টি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সংসদে পাল্টা জবাব দেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এবং প্রিয়ঙ্কা গান্ধীর উচিত সংসদে ক্ষমা চাওয়া। জোশীর কথায়, “প্রিয়াঙ্কাজির তথ্য যাচাই করে বক্তব্য রাখা উচিত ছিল। ভিত্তিহীন ও ভুল তথ্য সংসদে বলা ঠিক নয়। আমি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
এদিকে, এক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রুখতে আনা Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, নতুন আইনে কঠোর শাস্তি এবং তিন মাসের মধ্যে ফাস্ট-ট্র্যাক আদালতে বিচারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পরীক্ষার্থীদের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হয়। তবে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন বিল নিয়ে আলোচনা চললেও, নতুন শিক্ষামন্ত্রীকে ঘিরে রাহুল ও প্রিয়ঙ্কার আক্রমণেই মঙ্গলবার সংসদের রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বেশি নজর কেড়েছে।


