কলকাতা: পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডিম উড়ে এসেছিল কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর। যা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন তিনি। ধর্মতলায় সংবাদমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা করে কুণাল ঘোষ প্রধ্ন তোলেন, “আমার উপর যে বদমাইশরা ডিম ছুঁড়েছিল, তারা যে আসলে বিজেপির বাঁদর সেটা বলা হল না কেন?”
শনিবারের সেই সাক্ষাৎকারের পর রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে প্রশ্ন তুললেন কুণাল (Kunal Ghosh)। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে করা এক পোস্টে তিনি দাবি করেন, ছবিটির সত্যতা তিনি নিজে যাচাই করতে পারেননি। তবে ছবিটি সত্যি হলে একাধিক গুরুতর প্রশ্ন উঠে আসে বলেও মন্তব্য করেন তিনি।
কুণাল ঘোষ লেখেন, ছবিতে থাকা যুবক যদি সত্যিই সেই ব্যক্তি হন, তবে তিনিই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর উদ্দেশে ডিম ছুড়েছিলেন। সেই ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করেন তৃণমূল নেতা।
X Link: https://x.com/KunalGhoshAgain/status/2081296345433092290
এরপরই আরও একটি দাবি করেন কুণাল। তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে CID-র তল্লাশির সময় একই যুবককে নাকি নিরপেক্ষ সাক্ষী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি (Kunal Ghosh) প্রশ্ন তোলেন, যদি ছবিটি সত্যি হয়, তাহলে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কীভাবে নিরপেক্ষ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
পোস্টে কুণাল ঘোষ আরও লেখেন, “ছবি সত্য হলে ডিম ছোড়ার দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের মদত পাচ্ছে, এটা স্পষ্ট। আর এটাও স্পষ্ট যে বিজেপির লোককে নিরপেক্ষ সাক্ষী করছে পুলিশ।” তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান, ছবিটির সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পোস্টের শেষে কালীঘাটে তাঁর উপর ডিম হামলার ঘটনারও উল্লেখ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, একটি বিজেপি কর্মীর ডিম ছোড়ার ঘটনাকে সে সময় সংবাদমাধ্যমের একাংশ “জনরোষ” বলে তুলে ধরেছিল।
তবে কুণাল ঘোষ নিজেই তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট ছবিটির সত্যতা তিনি এখনও যাচাই করতে পারেননি। অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে বিজেপি, CID বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


