Aaj India Desk, কলকাতা:রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের নাম বদলের ধারাবাহিকতায় এবার বড় পরিবর্তন আসছে পড়ুয়াদের বহুল পরিচিত ‘সবুজসাথী’ প্রকল্পে। বর্তমান বিজেপি সরকার এই প্রকল্পের নতুন নাম রেখেছে ‘সারথি’(Sarathi)। শুধু নামই নয়, বদলানো হচ্ছে সাইকেলের রং এবং সরকারি লোগোও। খুব শীঘ্রই নতুন পরিচয়ে এই সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
ক্ষমতায় আসার আগে বিজেপি ঘোষণা করেছিল, পূর্ববর্তী সরকারের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সেই প্রতিশ্রুতি বজায় রেখেই প্রকল্পগুলিকে নতুন নামে চালিয়ে যাওয়ার পথে হাঁটছে সরকার। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের নাম ‘অন্নপূর্ণা যোজনা’ এবং যুবসাথীর নাম ‘যুবশক্তি’ করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল সবুজসাথী, যার নতুন পরিচয় ‘সারথি’।
সরকারি সূত্রের খবর, সম্প্রতি অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সঙ্গে বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে এই নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই জেলার গুদামে বিপুল সংখ্যক সাইকেল পৌঁছে গেলেও সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। ওই সাইকেলগুলিতে আগের সরকারের লোগো থাকায় এখন সেগুলির লোগো বদলানোর পাশাপাশি নতুন রং করা হচ্ছে। জানা গিয়েছে, নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়াও থাকবে।
প্রশাসনের আশা, অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লোগো ও রং পরিবর্তনের কাজ শেষ হবে। এরপর ধাপে ধাপে জেলার স্কুলগুলিতে সাইকেল পাঠিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ শুরু করা হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যোগ্য কোনও পড়ুয়া যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সবুজসাথী প্রকল্প চালু হয়েছিল। এরপর প্রতি বছর নবম থেকে দ্বাদশ শ্রেণির লক্ষ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। যদিও এই প্রকল্পকে ঘিরে অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও বিভিন্ন সময়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। এখন নতুন নাম ও নতুন রূপে ‘সারথি’ প্রকল্প কতটা সফল হয়, সেদিকেই নজর সকলের ।


