Aaj India Desk,নয়াদিল্লি: নিট পরীক্ষার পেপার লিক, প্রশ্নফাঁস আর পরীক্ষাব্যবস্থার অনিয়ম ঘিরে টানা আন্দোলনের জেরে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। গত কয়েকদিন ধরে ককরোচ জনতা পার্টি (CJP) ডাকে দেশজুড়ে ছাত্র–তরুণদের আন্দোলন ক্রমশ আরও জোরালো হচ্ছিল।
দিল্লিতে সেই আন্দোলন সংঘর্ষের রূপও নেয়। কেন্দ্র সিজেপির কয়েকটি দাবি মেনে নিলেও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় ছিল আন্দোলনকারীরা। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) ও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষমেশ সেই চাপের মুখেই তিনি মন্ত্রিত্ব ছাড়লেন।
পদত্যাগের পর এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, তিনি চার দশকেরও বেশি সময় ধরে ছাত্র, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাই দেশের ভবিষ্যতের ভিত্তি। দেশের তরুণদের আশা, স্বপ্ন ও ন্যায্য প্রত্যাশাকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
পোস্টে তিনি আরও লেখেন, গত ৩ মে ২০২৬ অনুষ্ঠিত NEET-UG পরীক্ষায় কিছু অনিয়ম ধরা পড়ায় কেন্দ্র সঙ্গে সঙ্গে বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দেয়। এরপর পরীক্ষা বাতিল করে নতুন তারিখ ঘোষণা করা হয়। আগামী বছর থেকে এই পরীক্ষা কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা সম্পন্ন হয়। তাঁর দাবি, ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য কেন্দ্র, রাজ্য ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করেছে।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, প্রথম দিন থেকেই তিনি পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। কিন্তু গত ১০ দিনের ঘটনা তাঁর মনকে ভারাক্রান্ত করেছে। তাঁর মতে, দেশের তরুণদের বিভ্রান্তির মধ্যে ফেলা উচিত নয় এবং দেশের ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। সেই কারণেই তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন।
ওড়িশার সাংসদ ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-আগে পেট্রলিয়াম মন্ত্রী ছিলেন। পরে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। নিট পেপার লিক নিয়ে চলা দেশজোড়া আন্দোলন, দিল্লির উত্তেজনা আর বারবার সমাধানের চেষ্টা সব মিলিয়ে শেষ পর্যন্ত তাঁর বিদায়ে বড় রাজনৈতিক প্রভাব পড়ল।


