নয়াদিল্লি: সোমবার সকালে চাণক্যপুরী থেকে হেইলি রোড—দিল্লির রাজপথে কার্যত দাপিয়ে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়িয়ে এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে আরও একবার আক্রমণ শানিয়েছেন তিনি।
এসআইআর ইস্যুতে বিকেল ৪ টেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৫ জনের একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা
প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) বিরুদ্ধে সরাসরি আইনি লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠকের ঠিক ২৪ ঘন্টা আগে নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি।
মামলা প্রসঙ্গে মমতার দাবী, এখনও পর্যন্ত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জেরে প্রায় ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে নিতে হবে বলে দাবী করেছেন তিনি।
অন্যদিকে, এসআইআর (SIR) ইস্যুতে সুপ্রিম করতে মামলা করেছেন তৃণমূলের সাংসদ দোলা সেন ও মহুয়া মৈত্র। বুধবার তাঁদের দায়ের করা মামলার শুনানি রয়েছে। ওই দিনই SIR সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দায়ের করা মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
SIR-এ মৃতদের পরিবারকে দিল্লিতে হেনস্থার অভিযোগ
প্রসঙ্গত, সোমবার সকালে দিল্লির দুটি বঙ্গভবনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘরের কাপড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দঙ্গে নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, “আপনি বাংলায় এলে রেড কার্পেট, আর আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট!” SIR-এ মৃতদের পরিবারকে বঙ্গভবনে হেনস্থা করা হয়েছে বলে তোপ দাগেন তিনি। এরপর পরিবারগুলির সঙ্গে দেখা করে সেখান থেকে বিদায় নেন।


